২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২০ কর্মকর্তা নিয়োগে সম জাকারিয়ার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে

বিতর্কিত ৩২০ জন থানা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সাবেক সচিব ও পরে নির্বাচন কমিশনার নিয়োগ পাওয়া সম জাকারিয়া কোনো অনিয়ম করেছেন কি না -- নির্বাচন কমিশন তা খতিয়ে দেখছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির সোমবার নফহবংি২৪.পড়স কে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজী হননি।

কমিশন সূত্রে জানা গেছে, ২০০৫ সালে সম জাকারিয়া সচিব থাকার সময়ে পদ সৃষ্টির আগেই ওই ৩২০ জন থানা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর তাদের নিয়োগ দেওয়ার জন্য তড়িঘড়ি করে পদ সৃষ্টি করা হয়। অনিয়মের এই অভিযোগ খতিয়ে দেখার জন্য বর্তমান কমিশনের পক্ষ থেকে গত সপ্তাহে যুগ্ম সচিব আজিজুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, ওই ৩২০ জন থানা নির্বাচন কর্মকর্তার যোগ্যতা যাচাইয়ের জন্য তাদের এপ্রিল মাসে আবার পরীক্ষায় বসতে হবে।  ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর তত্ত্বাবধানে  তাদের পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, “ওই থানা কর্মকর্তাদের শিক্ষানবীশ সময় চলছে। তাদের বিরুদ্ধে এরই মধ্যে পত্র -- পত্রিকায় লেখা হয়েছে;  বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে তাদের যোগ্যতা সম্পর্কে। তাই সরকারি চাকরিবিধি অনুযায়ী তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। যোগ্যতার বিবেচনায় যারা বাদ পড়বেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র জানায়, সম জাকারিয়া ২০০৩ থেকে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত  কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের ১৬ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান।  রাজনৈতিক আন্দোলনের মুখে গত বছর ২১ ডিসেম্বর তিনি ছুটিতে যান এবং এ বছর ৩১ জানুয়ারি অপর চার কমিশনারের সঙ্গে তিনিও পদত্যাগ করেন।