মির্জা আব্বাসের সম্পদের সংশোধিত হিসাব গ্রহণ করেনি দূদক
সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের সম্পত্তির হিসাবের সংশোধনী নিয়ে তার স্ত্রী মঙ্গলবার দূর্নীতি দমন কমিশনে (দূদক) গেলেও তা গ্রহণ করা হয়নি।
এছাড়া মোফাজ্জল হোসেন মায়া, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জ্জা আজমের স্ত্রীরা মঙ্গলবার আদালতের রিটের কপি জমা দিতে গেলেও দূদক তা গ্রহণ করেনি।
এদিকে দূদকের কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল এবং অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদ। সাক্ষাৎকারটিকে সৌজন্য বলা হলেও মঙ্গলবার বিকাল ৪ টা থেকে তা এক ঘন্টা ২২ মিনিট স্থায়ী হয়।
সাক্ষাৎকার শেষে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে এটর্নি জেনারেল ফিদা এম কামাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান এবং কমিশনার আবুল হাসান মঞ্জুর মান্নান “নো কমেন্টস” বলে সাংবাদিকদের এড়িয়ে যান।
দুদক সচিব মো. দেলোয়ার হোসেনও এ ব্যাপারে “নো আইডিয়া” ও “নো কমেন্টস” বলেন।
তবে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কমিশন প্রকাশ করা তালিকার ৫০ জন দুর্নীতিবাজের বিরুদ্ধে মামলা করার ব্যাপারে আইনি পরামর্শ দিতে তারা এখানে এসেছিলেন।
