মাগুরার সাবেক সাংসদ বীরেন শিকদার গ্রেপ্তার
মাগুরা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট বীরেন শিকদার রোববার গ্রেপ্তার হয়েছে।
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, বীরেন শিকদারসহ ১৯ জনের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আবদুর রশীদ খন্দকার রোববার একটি মামলা দায়ের করেন শালিখা উপজেলা আদালতে।
সেই মামলায় বীরেন শিকদারকে গ্রেপ্তার করে শালিখা উপজেলা আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট শিবানী ভট্টাচার্য জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৭ অক্টোবর সকালে বীরেন শিকদারের নেতৃত্বে অন্য অভিযুক্তরা রশীদ খন্দকার ও আলতাফ হোসেনকে চটকবাড়িয়া স্কুল থেকে অপহরণ করে পাশের একটি মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে চোখ উপড়ে ফেলে। এরপর উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে।
তবে এলাকবাসীর দাবি, রশীদ খন্দকারের নেতৃত্বে কালিগঞ্জ ও শালিখা উপজেলায় ‘রশীদ বাহিনী ’ নামে একটি চরমপন্থী সন্ত্রসী বাহিনী গড়ে ওঠে। ঘটনার দিন এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের গণপিটুনী দেওয়ার পর চোখ উপড়ে ফেলে।
