‘নির্বাচন কমিশনের সব দুর্নীতির তদন্ত হবে’
নির্বাচন কমিশন সচিবালয়ের সব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে। সোমবার কর্মদিবসের প্রথমদিনেই সাংবাদিকদের একথা জানালেন নতুন নিয়োগপ্রাপ্ত কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজের মাধ্যমেই আপনারা এর প্রমাণ দেখতে পাবেন।”
ভাল কাজ করেই কমিশনের ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে বলেও জানান সচিব।
প্রসঙ্গত কমিশনের কয়েকজন কর্মকর্তা ভোটার তালিকা ছাপার কাজে প্রায় ২০ কোটি টাকার দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কমিশনের একজন যুগ্ম সচিব বিষয়টি খতিয়ে দেখে এটি তদন্ত করার জন্য এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন।
একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে কমিশনের সচিব পদে তাঁর নিয়োগের বিষয়টি তিনি কীভাবে দেখছেন -- তা জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, “কোন প্রেক্ষাপটে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তা জানি না। সরকার যেখানে আমাকে পাঠাবে, সেখানেই আমি দায়িত্ব পালন করবো।”
সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তাঁর চিন্তা-- ভাবনা কী - এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার চিন্তা -- ভাবনার বহিঃপ্রকাশ কাজের মধ্যেই দেখবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এককভাবে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা আর সবার সহযোগিতা।”
সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে কমিশন সচিব মন্তব্য করেন। তিনি এ ব্যাপারে সব কয়টি গণমাধ্যমের সক্রিয় সহযোগিতাও কামনা করেন।
