ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নতুন বছরের শুরুতে 'ডাক এলে' তাতে সাড়া দেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফুল এই 'ডাক আসার' কথা বলেন। (আরও তথ্যসহ)
তিনি বলেন, "যারা আওয়ামী লীগ ও বিএনপিকে এক পাল্লায় মাপতে চায় তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আমরা সন্দিহান। জানুয়ারিতে ডাক আসবে, আমাদের এসব মোকাবেলা করতে হবে। অবশ্যই ডাক আসবে।"
আশরাফুল বলেন, "ওয়ান ইলেভেনের পর থেকে যা কিছু ঘটছে সেসব বাংলাদেশকে উত্তরণের পথে নেবে না। এই সরকার ক্ষমতা নেওয়ার পর আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু, ১০ তারিখের (১০ জানুয়ারি, ২০০৭) পর থেকে যা ঘটছে তাতে হতাশ না হয়ে উপায় নেই।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "খালেদা জিয়ার দুঃশাসনের সঙ্গে শেখ হাসিনার সুশাসনের তুলনা করা হচ্ছে। আমি শাসকদের বলব, সবাইকে এক পাল্লায় মাপতে চাইলে সে পাল্লা ছিঁড়ে যাবে।"
দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "এখন যারা ক্ষমতায় আছেন তাদের আমি বলবো, আপনারা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে দিন। এরপর যারা ক্ষমতায় যাবে তারা শেষ করবে। তা না হলে আমরা ক্ষমতায় গেলে আমরাই বিচার করবো।"
তিনি আরো বলেন,"আমরা সবাই মিলে দেশকে স্বাধীন করেছি। আমরা সবাই চাইলে বাংলার মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচার হবে।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অভিযোগ করেন, বিশেষ কারাগারে শেখ হাসিনাকে দোতলা থেকে নিচে নামতে দেওয়া হয় না। তাকে বিচ্ছিন্ন জীবন যাপন করতে বাধ্য করা হচ্ছে।
যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবি জানিয়ে মুক্তিবাহিনীর উপ প্রধান এ কে খন্দকার বলেন, "অপরাধীদের বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা বেড়েই চলে। দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবোই। এই বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের শেষ হবে না।"
তিনি আরো বলেন, "দেশ স্বাধীন হওয়ার পর সাধারণ ক্ষমার আওতায় পর্যায়ক্রমে ২৬ হাজার লোককে মুক্তি দেওয়া হয়। কিন্তু নারী নির্যাতন, অগ্নিসংযোগ বা লুটপাটের সঙ্গে যুক্ত ছিল এমন ১১ হাজার লোককে তখন ক্ষমা করা হয়নি। জিয়াউর রহমান ক্ষমতায় এসে ১৯৭৫ সালের ১১ ডিসেম্বর দালাল আইন প্রত্যাহার করে চিহ্নিত যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেন। তিনি গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দেন। এমনকি যে লোকটি জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, সেই শাহ আজিজুর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেন জিয়াউর রহমান।"
বর্তমান সময়কে 'দুঃসময়' আখ্যায়িত করে আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক বলেন, "ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ষ করে কথা বলে তারা দেশদ্রোহী। তারা বিদেশের দালাল।"
তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে রাজ্জাক বলেন, "আপনারা এত কাজ করছেন, এই কাজটা (যুদ্ধাপরাধীদের বিচার) করছেন না কেন? আইনতো আছেই, শুধু প্রয়োগ দরকার। এই বিচার না করলে আপনারা ইতিহাসের কাছে দায়ী থাকবেন।"
বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে জামায়াত ইসলামীর নেতাদের দাওয়াত দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তোফায়েল আহমেদ বলেন, "আমরা অপরাধী, আর যুদ্ধাপরাধীরা এখন বঙ্গভবনে।"
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "আমরা ন্যায় বিচার চাই। আক্রোশ থেকে কোনো বিচার হলে জনগণ তা মানবে না।"
সরকারের উদ্দেশে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করবেন না, শেখ হাসিনার বিচার করবেন
bdnews24