২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট দিনের রিমান্ড শেষে মেয়র তৈয়েবুর কারাগারে

টানা আট দিনের রিমান্ড শেষে খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানকে রোববার কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 02:00 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

খুলনা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টানা আট দিনের রিমান্ড শেষে খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানকে রোববার কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে মেয়র তৈয়েবুরকে খুলনা মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুর রহমানের আদালতে হাজির করে পুলিশ। কোনো মামলায় রিমান্ডের আবেদন না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর তৈয়েবুর রহমানকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে কারাগারে তাকে ডিভিশন দেয়া হয়েছে। আড়াই যুগের রাজনৈতিক জীবনে এই প্রথম তৈয়েবুর রহমান কারাগারে গেলেন। খুলনার জেল সুপার মোহাম্মদ সোলায়মান সাংবাদিকদের জানান, বিশেষ মর্যাদা প্রাপ্ত বন্দি হিসেবে মেয়র তৈয়েবুর পত্রিকা পড়া, টিভি দেখাসহ আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন। নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অনুমতি সাপেক্ষে আত্মীয় স্বজনরাও তাদের সঙ্গে দেখা করতে পারবেন। গত ২ নভেম্বর ঢাকার গুলশানের বাসা থেকে তৈয়েবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর ঠিক একদিন আগেই খুলনা সদর থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। ওই মামলায় মেয়রকে গ্রেপ্তার দেখিয়ে গত রোববার খুলনার আদালতের মাধ্যমে মেয়রকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। দ্বিতীয় দফায় তাকে আরো তিন দিন রিমান্ডে নেয়া হয়। এরই মধ্যে মেয়রের খুলনার বাসায় তল্লাশি চালিয়ে অস্ত্র, বিদেশি মদ ও টাকা উদ্ধার করে। ওই ঘটনায় মেয়রের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়। এদিকে সিটি মেয়রের বিরুদ্ধে চাদাঁবাজি মামলার বাদি এসএম হাফিজুর রহমান ও সাময়িক বরখাস্তকৃত প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফের বিরুদ্ধে সাড়ে ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষে গত ৩১ অক্টোবর থানায় দেয়া লিখিত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা এসকেএম আছাদুজ্জামান। রোববার কেএমপি কমিশনার বরাবর এক লিখিত আবেদনে তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি এজাহারে স্বাক্ষর করেছিলেন। অন্যদিকে মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদি হাফিজুর রহমান শনিবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। তিনি অভিযোগ করেছেন, আসামি পক্ষের লোকজন তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫২ ঘ.