ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কার্যনির্বাহী কমিটির বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়বস্তু চুড়ান্ত করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার সন্ধ্যায় পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। এসময় পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা আওয়ামী লীগ নেতাদের কাছে দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের সংলাপ বিষয়ে মতবিনিময় করেন দলীয় নেতারা। আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ।
মতবিনিময়কালে তোফায়েল আহমেদ বলেন, "১৪ দল প্রণীত নির্বাচনী সংস্কারের রূপরেখা হবে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের আলোচনার মূল ভিত্তি। নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাবে উল্লেখিত অঙ্গ সংগঠন এবং নিবন্ধনের বিষয়ে আমাদের অবস্থান কী হবে তা কার্যনির্বাহী কমিটির বৈঠকে চুড়ান্ত হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় কার্যনির্বাহী কমিটির মূলতবি বৈঠক অনুষ্ঠিত হবে। "
উল্লেখ্য, নির্বাচন কমিশন প্রণীত নির্বাচনী আইনের সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠনের বিরোধিতা করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে নিবন্ধনের যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে 'বাস্তবসম্মত নয়' উল্লেখ করে তার বিরোধিতা করে আসছেন আওয়ামী লীগ নেতারা।
এদিকে গত ২২ অক্টোবর কার্যনির্বাহী কমিটির সভা মূলতবি ঘোষণা করা হয়। ওই সভায় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত হয় এবং আলোচনার বিষয়বস্তুসহ প্রাসঙ্গিক বিষয়গুলোর প্রস্তুতির জন্য তোফায়েল আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি কয়েকদফায় বৈঠক করে খসড়া তৈরি করেছে। কার্যনির্বাহী কমিটির বৃহস্পতিবারের মূলতবী সভায় এসব বিষয় চুড়ান্ত করা হবে।
সমন্বয় পরিষদের সদস্য সচিব ডা. কামরুল ইসলাম বলেন, "শেখ হাসিনার নেতৃত্বে সুসংগঠিত আওয়ামী লীগই আমরা দেখতে চাই। কোনও ষড়যন্ত্র দলে বিভেদ সৃষ্টি করছে এটা আমরা চাই না।"
ডা. রশীদ ই মাহবুব বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে। ওদের বিচার না করলে মুক্তিযুদ্ধ করার অপরাধে ওরা আমাদের বিচার করবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০০৮ঘ.
bdnews24