ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তির ঐক্য চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান। নতুন পদে নিজের মনোনয়নের বৈধতা সম্পর্কে তিনি বলেছেন, সব কিছু গঠনতন্ত্রে থাকে না। কোনটি বৈধ, আর কোনটি অবৈধ সেটি বড় কথা নয়। নির্বাচন সামনে রেখে দলে কোনো বিভেদ রাখা যাবে না।
মঙ্গলবার বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের তিনি বলেন, "সব বিভেদ ভুলে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। বিএনপি জাতীয়তাবাদী শক্তিকে এক করে আগামী নির্বাচনে অংশ নেবে।"
সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ার পর মঙ্গলবার বিকেলে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন সাইফুর রহমান। দলের অস্থায়ী নতুন মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এ সময় তার সঙ্গে ছিলেন।
বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর বিধান আছে কিনা- প্রশ্ন করা হলে সরাসরি জবাব না দিয়ে সাইফুর রহমান বলেন, "সব কিছু গঠনতন্ত্রে থাকে না। ১৯৭৮ সালে দলের গঠনতন্ত্র প্রণয়ন হয়েছে। সেই রাজনীতিও এখন নেই। বর্তমান অবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশ ও উন্নয়নের স্বার্থে দলকে এগিয়ে নিতে হবে।"
এর আগে মঙ্গলবার দুপুরে বারডেম হাসপাতালে গুরুতর অসুস্থ খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আগের রাতে স্থায়ী কমিটির বৈঠকটিকে অবৈধ বলে দাবি করেন।
সাংবাদিকদের তিনি বলেন, "দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির বৈঠক কেবল চেয়ারপারসন নিজেই ডাকতে পারেন, অন্য কারো এখতিয়ার নেই। সোমবার যে বৈঠক হয়েছে সেটা অবৈধ। গঠনতন্ত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করার কোনো বিধান নেই। যে বৈঠকটি হয়েছে তা তথাকথিত সংস্কারপন্থীদের বৈঠক, মহল বিশেষের প্ররোচনায় তারা এটি করেছে।"
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে সাইফুর রহমান বলেন, "খোন্দকার দেলোয়ার যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব। কোনো ব্যক্তির জন্য দল থেমে থাকতে পারে না। কোনটি বৈধ, আর কোনটি অবৈধ সেটি বড় কথা নয়। সামনে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এখন দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না।"
সাবেক অর্থমন্ত্রী আরও বলেন, "আওয়ামী লীগে কোনো বিভেদ নেই। অথচ আমাদের মধ্যে বিভক্তি রয়ে গেছে। এটি দূর করতে হবে। অতীতকে ভুলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার একটিই লক্ষ্য- বিএনপিকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের জন্য প্রস্তুত করা।"
অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ কারা অন্তরীণ চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে দলের পক্ষ থেকে আইনি লড়ায়ের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন বলেন, "আমাদের দলের চেয়ারপারসন সুবিচার পাবেন। তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।"
তিনি জানান, যারা দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত মানে না, তারা বিএনপির প্রতি আস্থাশীল নয়। কারণ এই কমিটি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনীত।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সাইফুর রহমানের নেতৃত্বে বিএনপির কয়েকশ নেতাকর্মী শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক দেয়।
এ সময় এ এইচ এম মোফাজ্জল করিম, জেড এ খান, ড. ওসমান ফারুক, আবদুল আলীম, এবায়দুর রহমান চৌধুরী, শাহ মুহাম্মদ আবুল হোসাইন, অধ্যাপক রেজাউল করীম, মুফিকুল হাসান তৃপ্তি, জহির উদ্দিন স্বপন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ডা. জিয়াউল হক মোল্লাসহ বেশ কয়েক জন সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল থেকে সাইফুর রহমান ও হাফিজউদ্দিনের বাসায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের শুভেচ্ছা জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/এমএ/১৮৫১ঘ.
bdnews24