ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এই রায় ঘোষণা করেন। (আরও তথ্যসহ)
অস্ত্র রাখার জন্য তাকে ১০ বছরের কারাদণ্ড এবং অবৈধ গুলি রাখার দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই সাজা একইসঙ্গে কার্যকর হওয়ার কারণে তাকে কেবল ১০ বছর কারাভোগ করতে হবে।
বিচারক তার রায়ে বলেন, অস্ত্র মামলার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু বাবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে বিশেষ বিবেচনা করে তাকে এই শাস্তি দেয়া হলো।
গত ২৩ অক্টোবর রায় ঘোষণার এ তারিখ ধার্য করা হয়।
লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে এটাই প্রথম রায়। বাবরের আইনজীবী আবদুল্লাহ মাহমুদ হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
সকাল ১১ টা ২৫ মিনিটে লুৎফুজ্জামান বাবরকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে আদালতে হাজির করা হয়। তিনি রায় ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত চুপচাপ এজলাসের বেঞ্চে বসে থাকেন। সাদা পাজামা, পাঞ্জাবি পরা বাবরকে এ সময় খুব ম্রিয়মান দেখাচ্ছিল।
২৮ মে যৌথ বাহিনী বাবরের গুলশানের বাসার শোবার ঘর তল্লাশি করে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গুলি উদ্ধার করে। এর মধ্যে একটি রিভলবার ও ২৫ রাউন্ড গুলির লাইসেন্স না থাকায় তার বিরুদ্ধে গুলশান থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন ওই দিনই মামলা দায়ের করেন।
২৩ জুন বাবরের বিরুদ্ধে অভিযোপত্র দেন উপপরিদর্শক কবির হোসেন। মোট ১৪ জন সাক্ষী বাবরের বিরুদ্ধে এ মামলায় সাক্ষ্য দেন।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আদালতে উপস্থিত যুক্তিতর্ক শুনানিতে ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. কবির হোসাইন বলেন, "বাবরের নিরঙ্কুশ দখল থেকে এবং তার জ্ঞাতসারেই যৌথ বাহিনী তার গুলশানের বাসা থেকে লাইসেন্স বিহীন একটি রিভলবার ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে। রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় এ মামলায় অভিযুক্তকে সর্বোচ্চ সাজা দেয়া হোক।"
বাবরের আইনজীবী আবদুল্লাহ মাহমুদ হাসান ও অপর আইনজীবীরা মামলাটি মিথ্যা ও বানোয়াট অভিহিত করে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
গত ৭ আক্টোবর বাবর নিজেকে নিদোর্ষ দাবি করে আদালতে আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য জমা দেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ কবির হোসাইন, এ পিপি মোহাম্মদ মোতাহার হোসেন লিটন প্রমুখ।
আসামীপক্ষে ছিলেন, মহানগর দায়রা জজ আদালতের সাবেক পিপি আবদুল্লাহ মাহমুদ হাসান, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএ/১৬০১ঙ.
bdnews24