ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের গাড়ি সিলেট শহরের প্রবেশমুখ লালাবাজারের কাছে আটকে দিয়েছে পুলিশ।
সকালে সড়ক পথে খোন্দকার দেলোয়ার সিলেটে রওনা হন। বেলা ১১টা ৪৫ মিনিটে সিলেট শহর থেকে ১২ কিলো মিটার দূরে পুলিশ বিএনপি মহাসচিবের গাড়ি বহর আটকে দেয়। মহাসচিবের সঙ্গে সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব হোসেন ছিলেন। পথরুদ্ধ হওয়ার পর খোন্দকার দেলোয়ার স্থানীয় একটি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও মহাসচিবের সফরসঙ্গি রিজভী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,''মহাসচিব সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে সকালে সড়ক পথে সিলেট আসছিলেন। আমাদের গাড়িকে লালাবাজারের কাছে পুলিশ আটকে দিয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেনো এই প্রতিবন্ধকতা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, 'কর্তৃপক্ষের নির্দেশ আছে'।"
তিনি বলেন,'' এভাবে ধর্মীয় অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া কোনো ভাবে মেনে নেওয়া যায় না। সম্পূর্ন উদ্দেশ্য মূলকভাবে বিএনপিকে দূর্বল করতে এটা করা হয়েছে। বিএনপির অগ্রযাত্রা এভাবে"রোখা যাবে না।'' তিনি জানান, মহাসচিব পুলিশকে জানিয়ে দিয়েছেন, তিনি সিলেটে মাজার জিয়ারত করতে যাবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটচকম/প্রতিনিধি/এসএম/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24