২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নির্বাচনী প্রচারণায় আ.লীগের হামলা

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার হাজীগঞ্জ উপজেলায় রোববার বিকেলে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ মতিনের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে আওয়ামী লীগ। হামলায় ১০ জন আহত হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

আহতরা জানান, বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা (পশ্চিম) ইউনিয়নের ধড্ডা খালপাড়া বাজারে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী এম এ মতিনের প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ কর্মী কাঞ্চন, সেলিম, মজিব, ইউসুফ ও টিপু চৌধুরীর নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল হাতুড়ি ও কাঠের টুকরো দিয়ে জোট কর্মীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় শুকুর আলম বাদী হয়ে ১১ নং হাটিলা (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিপু চৌধুরীসহ ৪ কর্মীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।