এরশাদের মন্তব্যের প্রতিক্রিয়া: নীলফামারীতে জাপা নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ক্ষমতাসীন চারদলীয় জোটে যোগদান সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে নীলফামারীতে ক্ষুব্ধ বেশ কিছু জাপা নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
এ ছাড়া আরও বেশ কিছু নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দলীয় চেয়ারম্যান এরশাদকে স্বার্থপর, নীতিহীন ও অপরিণামদর্শী উল্লেখ করে জেলা যুবসংহতির বেশ কয়েক জন নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ১৪ দলের শুক্রবার পালিত পদযাত্রা শেষে আয়োজিত এক সমাবেশে যুবসংহতি নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন জেলা জাতীয় যুবসংহতির সদস্য ইয়াসের আরাফাত শুসান, মোরশেদ আলী ও মোফাক্কারুল ইসলাম চিনু।
এ বিষয়ে জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান বলেন, ‘আমাদের চেয়ারম্যান সকালে এক কথা, আবার বিকেলে আরেক কথা বলেন’। তবে শেষপর্যন্ত এরশাদ আওয়ামী লীগের সঙ্গে যাওয়ার সঠিক সিদ্ধান্তটিই নেবেন বলে তার ধারণা। এখনও অনেক সময় আছে বলেও তিনি উল্লেখ করেন।
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী বলেন, গত প্রায় ৫ বছরে জোট সরকার দেশের যা হাল করেছে তার দায়ভার কাঁধে নেওয়ার কোন অর্থই হয় না। এরশাদ তার লাখ লাখ সমর্থকের কথা চিন্তা করে আওয়ামী লীগের সঙ্গেই জোট করবেন বলে তিনি আশা করছেন।
তবে জেলা জাপা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও সাবেক সাংসদ আহসান আহমেদ এই মুহুর্তে কোন মন্তব্য করতে রাজী হননি।
অপরদিকে জেলা জাপা সভাপতি ও এরশাদের ভগ্নিপতি ড. আসাদুর রহমানের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দুই মিনিট পরে মন্তব্য করার কথা বলে তার ফোন বন্ধ করে দেন।
