আগামী ৬ মাসে উপ--নির্বাচন এড়াতে সংবিধান সংশোধন করবে সরকার, বিস্তারিত
বর্তমান জাতীয় সংসদের শেষ ছয়মাসে শূন্য আসনে উপনির্বাচন এড়াতে নতুন একটি বিধি সংযোজন করে সরকার মঙ্গলবার সংসদে সংবিধানের ১৫ তম সংশোধনী বিল উত্থাপন করতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে বিলটির খসড়া সোমবার মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে অনুমোদিত হয়।
সংবিধানের নতুন এ সংশোধনী সংবিধান (১৫ তম সংশোধনী) বিল, ২০০৬ নামে পরিচিত হবে।
সম্প্রতি জাতীয় সংসদের দুটি আসন শূন্য হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সরকারের পদক্ষেপের বিষয়টি বিশ্লেষণ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে অল্প সময়ের জন্যে নির্বাচিত সাংসদরা তাদের আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন না।
সংশোধনীর প্রয়োজনীয়তা উল্লেখ করে সোমবার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত বিধির মাধ্যমে উপনির্বাচনের জন্যে যে পরিমাণ সরকারি অর্থ ব্যয় ও প্রশাসনিক জটিলতা তৈরি হবে তা এড়ানো যাবে।
মওদুদ আহমদ বলেন, এ বিল পাসের জন্যে পূর্বনির্ধারিত তারিখ ১২ জুলাইয়ে সংসধের অধিবেশন সমাপ্ত না করে আরও কয়েকদিন সময় বাড়ানো হতে পারে।
সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানোর জন্যে বাণিজ্য উপদেষ্টা কমিটি বুধবার এক বৈঠক করবে।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ নং ধারায় বলা হয়েছে, কোনও কারণে জাতীয় সংসদের কোনও আসন খালি হয়ে যাওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনও কারণে উপনির্বাচন সম্পন্ন করা সম্ভব না হলে অতিরিক্ত আরও ৯০ দিন সময় নেয়া যাবে।
আইনমন্ত্রী বলেন, সংশোধনীতে সংসদের শেষ ছয়মাস বা তারও কম সময়ের মধ্যে খালি হয়ে যাওয়া কোনও আসনে উপনির্বাচন না দেওয়ার জন্যে আমরা প্রস্তাব করেছি।
তিনি বলেন, সংসদে বিলটি উত্থাপনের পর প্রয়োজনীয় যাচাই--বাছাইয়ের জন্যে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।
বিষয়টি কোনও দলের নয় বরং এটি একটি জাতীয় বিষয় হওয়ায় অনুমোদনের পর সর্বসম্মতিক্রমে বিলটি পাস হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন।
শূন্য হয়ে যাওয়া দুটি আসন হচ্ছে: দিনাজপুর সদর ও কুমিল্লা সদর। বিএনপির সাংসদ ও মন্ত্রী খুরশিদ জাহান হক এবং কর্নেল (অব.) আকবর হোসেনের গত মাসে মারা গেলে এ আসন দুটি শূন্য হয়ে পড়ে। প্রচলিত বিধি অনুযায়ী আগামী অক্টোবরে এ দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
