সংসদ-পয়েন্ট অব অর্ডার
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বৃহস্পতিবার সংসদে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুল আজিজের বিরুদ্ধে আগামী নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে।
আওয়ামী লীগের সদস্যরা বলেছেন, সিইসি’র এ আচরণের কারণে দেশে তৃতীয় কোনো শক্তির উত্থাণ হতে পারে।
তবে সরকারি দল দাবি করেছে, বিরোধী দল অজুহাত হিসেবে বিষয়টি প্রতিদিনই সংসদে তুলছে।
ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় প্রধান নির্বাচন কমিশনার ইস্যুতে সংসদে নির্ধারিত ১২ মিনিট সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে প্রাণবন্ত বিতর্ক হয়।
পয়েন্ট অব অর্ডারের শুরুতেই আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম ফ্লোর নিয়ে বলেন, সিইসি আদালতের নির্দেশ উপেক্ষা করে এখন আদালত দেখাচ্ছেন। যদি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না হয়, তবে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আসলে সিইসি নির্বাচন বানচালের চেষ্টা করছেন।
তার বক্তব্যের বিরোধিতা করে বিএনপির নূরুল ইসলাম মনি বলেন, আদালতের রায়ে ভূয়া ভোটার বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো সুষ্পষ্ট নির্দেশ নেই। বিরোধী দল পরিকল্পিতভাবে আন্দোলনের অজুহাত খুঁজছে।
পরে আওয়ামী লীগের শাজাহান খান পুলিশের বিরুদ্ধে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে বলেন, মা-বোনদের ওপর পুলিশ যেভাবে অমানবিক নির্যাতন করেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এসব আহত নেতাকর্মীদের পুলিশ হাসপাতালে ঘিরে রেখেছে। তাদের কোনো নেতাকর্মীকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।
