২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকাল ১১টা থেকে ১৪ দলের প্রধান নির্বাচন কমিশন কার্যালয় অবরোধ শুরু

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীর প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়সহ সারাদেশে নির্বাচন কমিশন কার্যালয় অবরোধ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 11:10 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নির্বাচন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনারদের অপসারণের দাবিতে ১৪ দল এই অবরোধ কর্মসূচী গ্রহণ করেছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ঢাকা মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিরোধী দলের নেতৃবৃন্দ রাজধানীর তিনটি স্থান -- রাসেল স্কোয়ার, আগারগাঁও আবহাওয়া অফিস এবং মহাখালী রেল গেটে সমবেত হয়ে এই অবরোধ কর্মসূচী পালনে শেরে-বাংলা নগরস্থ প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ের অভিমুখে যাত্রা করবে।

দুপুর ১টায় এই অবরোধ কর্মসূচী শেষ হবে।

অপরদিকে হাইকোর্ট  সোমবার বিরোধী দলের পাঁচজন নেতাকে কেন অবরোধ এবং হরতালের মত বিষয়গুলো অবৈধ বা মৌলিক অধিকার পরিপন্থি ঘোষণা করা হবে না সে বিষয়ে কারণ দর্শাতে বলেছে।

বিরোধী দলের এই পাঁচ নেতৃবৃন্দ হচ্ছেন-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য সৃরঞ্জিত সেন গুপ্ত এবং তোফায়েল আহমেদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু।