বেসরকারি শিক্ষক--কর্মচারীদের ৯ জুন সকল জেলা সদরে লাল পতাকা কর্মসূচী ঘোষণা
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট (এনএফটিই) তাদের দাবি দাওয়া আদায়ে ৯ জুন দেশব্যাপী সকল জেলা সদরে ‘লাল পতাকা শোভাযাত্রা’ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।
তাদের দাবী দাওয়ার মধ্যে রয়েছে বেতন ও অনান্য ভাতা বৃদ্ধি, বৈধ প্রতিষ্ঠানগুলোকে এমপিওভূক্ত করা এবং শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান।
এনএফটিই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, ৮ জুন সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাবে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণ করা না হলে, শিক্ষক ও কর্মচারীরা এনএফটিই’র ব্যানারে ৯ জুন সকল জেলা সদরে লাল পতাকা শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচী পালন করবে।
২০০১ সালের নির্বাচনের পর সরকার বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা ১০ ভাগ বৃদ্ধির অঙ্গীকার করেছিলো, কিন্তু সরকার এখন পর্যন্ত তার ওয়াদা পূরণ করেনি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
এনএফটিই’র প্রধান সমন্বয়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এনএফটিই’র সকল জেলা ও সমর্থক কমিটির প্রতি ৯ জুনের লাল পতাকা কর্মসূচী সফল করার জন্য আহবান জানান।
