ছাত্রলীগ নেতা কাওসার হোসেন সিপুর মৃত্যু
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর (দক্ষিন) এর যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হোসেন সিপু মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তোকাল (ইন্না...রাজিউন) করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।
তার প্রথম নামাজে জানাজা মঙ্গলবার রাত পৌনে ১২টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
জানাজায় আওয়ামী নেতা আব্দুর রাজ্জাক এমপি, ওবায়দুল কাদের, বিএম মোজাম্মেল, বাহাউদ্দিন নাসিম, নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা মাহমুদ হসান রিপন এবং মাহফুজুল হায়দার রোটন অংশ নেন।
জানাজা শেষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা তার মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে তার মরদেহ গ্রামের বাড়ি শরিয়তপুরে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল ৯টায় শরিয়তপুর সদর জামে মসজিদে দ্বিতীয় ও সকাল ১১টায় গ্রামের বাড়ি চন্দ্রপুরে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা সিপুর মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, তার অকাল মৃত্যুতে ছাত্রলীগের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
শেখ হাসিনা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
