গার্মেন্টস কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার গণতদন্ত কমিশন গঠন করার দাবি করেছে আ’লীগ
আওয়ামী লীগ গার্মেন্টস কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার গণতদন্ত কমিশন গঠন করার আহ্বান জানিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বুধবার দলের ধানম-ি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
তিনি বলেন, ওই ঘটনার পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, সে জন্যেও সরকার দায়ী। একটি বিশেষ মহলের আর্শিবাদপুষ্টদের হাতে গার্মেন্টস ব্যবসা তুলে দেওয়ার জন্যেই শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কারখানাগুলোতে হামলা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, কোনো কোনো স্বার্থান্বেষী মহল মানুষের পুঞ্জিভূত ক্ষোভ, গার্মেন্টস শিল্পে চলমান সংকট, সংকট নিরসনে প্রধানমন্ত্রীর অনীহা ও রাষ্ট্রপতির দুর্ভাগ্যজনক অসুস্থতার সুযোগ নিয়ে অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের অধিকার কেড়ে নিতে চায়। তিনি এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আব্দুল জলিল বলেন, বিএনপি--জামায়াত জোট সরকারের দুঃশাসনে শুধু গার্মেন্টস শ্রমিকরাই নয়, দল--মত--শ্রেণী--পেশা নির্বিশেষে সারা দেশের মানুষ বিক্ষুব্ধ। তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশকে ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে।
তিনি বলেন, জোট সরকার গার্মেন্টস শিল্পের চলমান সংকট সমাধানের ব্যবস্থা না করে বিরোধী দলের কাঁধে দোষ চাপানোর দেশ বিরোধী ও নোংরা খেলায় মেতে উঠেছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, গার্মেন্টস মালিকরা বলেছেন, এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সুনির্দিষ্ট তথ্য ছিলো। তারপরও সরকার কারখানাগুলো রক্ষায় ব্যবস্থা গ্রহণ করলো না কেনো? গার্মেন্টসগুলোতে আগুন দেওয়ার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে কার নির্দেশে?
তিনি আরো বলেন, জোট সরকার ভুয়া ভোটার তালিকা তৈরি করার পাপ থেকে নিজেদের রক্ষা ও গণতন্ত্র ধ্বংস করতে এবং জনরোষ থেকে নিজেদের চামড়া বাঁচানোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ কাজ করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবাবদিহিতা দাবি করে বলেন, আমাদের অর্থনীতির প্রধান খাত গার্মেন্টস শিল্প যখন বিপর্যয়ের মুখে, তখন প্রধানমন্ত্রী বিজিএমইএ নেতাদের সাথে সাক্ষাৎ করলেন না কেনো? গার্মেন্টস যখন জ্বলছে, তখন এই আগুন নেভানোর চাইতে প্রধানমন্ত্রীর আরো কি গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে? শুধু তাই নয়, দেশের প্রধান রপ্তানি খাতের ভয়াবহ এই অবস্থায় দুই পুত্রবধুসহ প্রধানমন্ত্রীর এমন কি জরুরি সফরে সংযুক্ত আরব আমিরাত যেতে হলো?
জোট সরকারের পদত্যাগই বর্তমান সর্বগ্রাসী সংকট দেশ ও জাতিকে রক্ষা করার একমাত্র উপায় বলে তিনি আবারো উল্লেখ করেন।
