ইউরোপীয় কমিশনের নির্বাচন পর্যবেক্ষণ নির্ভর করছে টেকনিক্যাল টিমের রিপোর্টের ওপর
ইউরোপীয় কমিশনের (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নির্ভর করছে তাদের টেকনিক্যাল টিমের ওপর। ইসি’র টেকনিক্যাল টিম আগামী মাসে বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপ দিবস ২০০৬ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সোমবার ইসি প্রতিনিধি দলের প্রধান ড. স্টিফেন ফ্রোইন সাংবাদিকদের বলেন, বেশ কয়েক জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি টেকনিক্যাল টিম নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জুন মাসে বাংলাদেশে আসবে।
তিনি বলেন টেকনিক্যাল টিম প্রায় দু সপ্তাহের মতো সময় বাংলাদেশে কাজ করবে এবং সে অনুসারে ব্রাসেলসে অবস্থিত ইসি সদরদপ্তরকে তাদের রিপোর্ট প্রদান করবে।
রিপোর্টে যদি দেখা যায় যে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার মতো অনুকূল পরিস্থিতি নেই, তাহলে ইসি নির্বাচন পক্ষবেক্ষণ মিশন পাঠাবে না।
