নির্বাচনী প্রতীক বরাদ্দ সংক্রান্ত দুটি রিট আবেদনের নিষ্পত্তি সোমবার
বড় চারটি রাজনৈতিক দলের প্রতীক- দাড়িপাল্লা, নৌকা, লাঙ্গল ও ধানের শীষ বরাদ্দ সংক্রান্ত দুটি রিট আবেদনের নিষ্পত্তি হবে সোমবার। হাইকোর্ট রোববার এ তারিখ ধার্য করেন।
অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী এবং আবেদনকারীদের কৌঁসুলীর দায়ের করা আর্জির পরিপ্রেক্ষিতে রোববার শুনানি শেষে বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ ঘোষণা দেন।
নির্বাচনী প্রতীক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, জাতীয় পার্টি লাঙ্গল, বিএনপি ধানের শীষ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ দাড়িপাল্লা ব্যবহার করে আসছে।
সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. শাহাদাত আলী সোমবার জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করেন। আবেদনে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা, লাঙ্গল, ধানের শীষ ও দাড়িপাল্লা ব্যবহারে নির্বাচনী বিধিগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
রিট আবেদনে শাহাদাত হোসেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবদের, স্বরাষ্ট্র ও নির্বাচন কমিশন সচিবালয়, মহাপুলিশ পরিদর্শক (কারা) এবং বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালককে দায়ী করা হয়।
এর আগে গত ২ মে সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মকসুদুল ইসলাম, অ্যাড. এসএম ফজলুল হক, অ্যাড. আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাড. শামসুল আলম এবং অ্যাড. মোস্তফা জামান ইসলাম সুপ্রীম কোর্টের মনোগ্রাম দাড়িপাল্লাকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহারে নির্বাচনী বিধির বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয় ও সুপ্রীম কোর্টের রেজিস্ট্রারকে দায়ী করা হয়।
হাইকোর্টের একই বেঞ্চ বৃহস্পতিবার মামলায় আদেশ জারির জন্যে রোববার দিন ধার্য করেন।
পাঁচ আইনজীবীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাড. মঞ্জিল মুর্শিদ।
অ্যাড. শাহাদাত হোসেনের কৌঁসুলী অ্যাড. তাজুল ইসলাম রোববার হাইকোর্টে দায়ের করা আর্জিতে জানান, নৌকা, লাঙ্গল ও ধানের শীষও রাষ্ট্রের ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মনোগ্রাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তার আর্জিতে বলা হয়, কারারক্ষীদের মনোগ্রাম ও পতাকায় নৌকা, বাংলাদেশ আনসারের মনোগ্রাম ও পতাকায় লাঙ্গল ব্যবহৃত হয় এবং জাতীয় প্রতীক হিসেবে সংবিধানের ৪ (৩) অনুচ্ছেদে রাষ্ট্রীয় মনোগ্রাম ধানের শীষের কথা উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, দেবী দুর্গার বাহন হিসেবে স্বাধীনতার প্রতীক নৌকা জনমনে অন্যায্য কিছু ধারণার জন্ম দেয় এবং অন্যদিকে কৃষি ও কৃষকের প্রতীক লাঙ্গল এবং সমৃদ্ধি ও খাদ্যের প্রাচুর্যের প্রতীক ধানের শীষ।
আর্জিতে তিনি আরও বলেন, এসব প্রতীক নির্দিষ্ট শ্রেণীর কিছু মানুষকে আবেগাক্রান্ত করে। যেহেতু এসব প্রতীকের মাধ্যমে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো জনমনে অন্যায়ভাবে প্রভাব ফেলে থাকে, তাই এসব প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিত কাজ করেছে।
রিট আবেদনের উপস্থাপিত মতামতের সাথে দ্বিমত পোষণ করে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী তার আর্জিতে বলেন, রাজনৈতিক দলকে এসব প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচন কমিশন সংবিধানের কোনও বিধি বা কোনও আইন লঙ্ঘন করেনি।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।
