২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাধা এলেই ঢাকা অচল’ : ৩০ মার্চ ১৪ দলের সচিবালয় ঘেরাও

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল ৩০ মার্চ বৃহস্পতিবার সচিবালয় ঘেরাও করবে। এছাড়া তারা ২৮ মার্চ মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 05:07 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানিয়েছেন, ৩০ মার্চের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি বাধা আসে, কিংবা ব্যারিকেড দেওয়া হয়, তবে যেখানেই বাধা আসবে সেখানেই অবস্থান করে ঢাকা অচল করে দেওয়া হবে।

কর্মসূচি সফল করতে ১৪ দল নেতৃবৃন্দ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে প্রস্তুতি সভায় বসেন।

ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, ওবায়দুল কাদের, ওমর আলী, আব্দুল হক সবুজ, আওলাদ হোসেন, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া, ন্যাপের অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জাসদের অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত ও গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন।

সভা থেকে জানানো হয়, গত ১২ মার্চের হরতালে পুলিশের লাঠিচার্জ এবং নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন ও  গ্রেপ্তারের প্রতিবাদে পূর্ব ঘোষিত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশের জন্যে মুক্তাঙ্গন ব্যবহারের অনুমতি না পাওয়ায় বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে এ কর্মসূচি পালিত হবে।