২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক স্থবিরতা নিরসনে আশাবাদ ব্যাক্ত করেছেন দেশের ব্যাবসায়ী নেতৃবৃন্দ

বিরোধী দল প্রস্তাবিত সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়ে বুধবার দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন, দেশে চলমান রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠার বিষয়ে তারা আশাবাদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তত্ত্বাবধায়ক সরকার কাঠামো ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবে, বিরোধী দলের সাথে সংসদের বাইরে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজকে বলেন, ‘আমি মনে করি দরজা বন্ধ হয়ে যায়নি, কারণ সংস্কার কাঠামো আলোচনার জন্য ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে সমঝোতা কমিটি গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রস্তাব বিরোধী দল প্রত্যাখান করেনি।

সংস্কার প্রস্তাবের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য যথেষ্ট ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এখন সরকারের উচিত সংসদের বাইরে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া।

মীর নাসির হোসেন বলেন, ‘এ বিষয়ে স্থবিরতা কাটাতে পরবর্তী কয়েকদিনে আমরা অগ্রগতি দেখতে চাই’।

মেট্রোপলিটন চেম্বারর্স অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এমসিসিআই) সভাপতি লতিফুর রহমান বলেন, সংস্কার প্রস্তাব আলোচনার জন্য প্রধানমন্ত্রী কমিটি গঠনের যে প্রস্তাব দিয়েছেন, তাতে বিরোধী দলের ছাড় দেওয়া উচিত।

তিনি বলেন, সংস্কার বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা এখনই শুরু হওয়া উচিত।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে যতদ্রুত আলোচনা শুরু হবে, ততই দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি হবে।

‘প্রধানমন্ত্রীর বক্তব্য আলোচনার পথ খুলে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজিএমইএ এর সাবেক সভাপতি আনিসুল হক সংস্কার কাঠামো আলোচনায় প্রধানমন্ত্রীর কমিটি গঠনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানান।