২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলেল শুভেচ্ছায় হেনা দাসের জন্মদিন পালিত

উপমহাদেশের কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেত্রী হেনা দাস বলেছেন, দেশে এখন সার্বভৌমত্ব বিপন্ন। দেশের শাসন ব্যবস্থার অংশীদার আল-বদর, রাজাকার। আর তাই এখন আরেকটা সংগ্রাম প্রয়োজন। তাহলে ১৯৭২ এর সংবিধানের মূলনীতি ফিরে পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

রোববার হেনা দাসের ৮২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হেনা দাস বলেন, আমার প্রতি এ ভালবাসা প্রদর্শন আমার সংগ্রামের প্রতি ভালবাসা। এ জন্য আমি কৃতজ্ঞ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক এমএম আকাশ। হেনা দাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন সংগঠন।

কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়াকার্স পার্টির হাজেরা সুলতানা, প্রবীন নারী নেত্রী উম্মে হানি খানম, নিজেরা করি’র খুশী কবির, নারী নেত্রী মালেকা বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কাজী মুকুল, ছাত্র ইউনিয়নের পক্ষে শামসুল আলম সজ্জন, মানবেন্দ্র দেব, আইন ও সালিশ কেন্দ্রের সুলতানা কামাল, অধ্যাপক মুনতাসির মামুন, ছাড়াও উদীচি শিল্পী গোষ্ঠী, নারী প্রগতি সংঘ, মহিলা পরিষদ, বাংলাদেশ কৃষক সমিতিসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

সরদার ফজলুল করিম, অধ্যাপক কবীর চৌধুরী, ফয়েজ আহমেদসহ অসংখ্য গুনগ্রাহী তাকে টেলিফোনে শুভেচ্ছ জানান।

এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।