২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের নির্বাচন প্রত্যাখান রাজনৈতিক কৌশল: তিন উপদেষ্টা

নির্বাচন প্রত্যাখানের ঘোষণাকে মহাজোটের ‘রাজনৈতিক কৌশল’ বলে মনে করেন সরকারের তিন উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৃহস্পতিবার আলাদা আলাদাভাবে দেয়া প্রতিক্রিয়ায় তারা বলেছেন, সরকারকে চাপে রাখতেই মহাজোট এই কৌশল নিয়েছে।

তবে তারা আশাবাদী, শেষ পর্যন্ত সব দল নির্বাচনে অংশ নেবে।

মহাজোটের নির্বাচন প্রত্যাখান সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ তার দফতরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “যে কোনো সিদ্ধান্তের শুরুতে না মানাটা একটি রাজনৈতিক কৌশল।”

তিনি বলেন, “১৪ দলের নেতাদের সঙ্গে কথা বলেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখন তারা সরকারকে চাপে রাখতেই নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। আরো বড় পরিসরে এ ব্যাপারে আলোচনা হতে পারে।”

একই প্রসঙ্গে উপদেষ্টা আজিজুল হক তার সচিবালয়ের দফতরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। সব দল নির্বাচনে অংশ নেবে বলেই আমরা আশাবাদী।”

তিনি বলেন, “দলগুলো উৎসাহ নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছে। এতে স্পষ্ট বোঝা যায় সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে। তাই মনে হচ্ছে ১৪ দল সাধারণ মানুষের মনোভাবের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচনে অংশ নেবে।”

তিনি আরো বলেন, “৯০ দিনের মধ্যে নির্বাচন করতেই হবে। তবে এ সময়ের মধ্যে মহাজোট নির্বাচনে আসতে না চাইলে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আরো আলোচনা হতে পারে।”

উপদেষ্টা অধ্যাপক এম মইনদ্দীন খান তার দফতরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “রাজনীতিতে অনেক মারপ্যাঁচ আছে। মহাজোটের প্রত্যাখানও তেমনি একটা ইস্যু। আমি আশাবাদী তারা নির্বাচনে অংশ নেবে।”