সারাদেশে হরতাল পালিত, আহত শতাধিক
বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে সারাদেশে বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ডাকা হরতাল পালিত হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণের দাবিতে এই হরতাল পালিত হয়।
হরতাল চলাকালে রাজধানী ঢাকায় শ্যামলীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মীর্জা আবদুল জলিলসহ আওয়ামী লীগের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
অন্যদিকে রাজধানীর বাইরে সাভার, রাঙ্গামাটি ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাবনায় হরতাল সমর্থকরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে। পিকেটারদের হাতে এসময় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। পটুয়াখালীর মির্জাগঞ্জে মহাজোটের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। চাঁদপুরে সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের কালিবাড়ী কোর্ট স্টেশনের পাশে জাতীয় পার্টির নেতা-কর্মীরা রেলের একটি সেতুতে আগুন লাগিয়ে দেয়। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও চিলমারীতে পিকেটারদের সঙ্গে হরতালবিরোধী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পিকেটাররা চিলমারী উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয় ভাংচুর করেছে।
এছাড়া মুন্সীগঞ্জ, জয়পুরহাট, নরসিংদী, নারায়নগঞ্জ, বরিশাল, যশোর, চাঁদপুর, ও ব্রাহ্মণবাড়িয়ায় পিকেটার টায়ারে আগুন জ্বালিয়ে এবং রাস্তায় গাছ ফেলে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাভার প্রতিনিধি জানান, হরতাল সমর্থক পিকেটাররা বৃহস্পতিবার ১০/১২ টি গাড়ি ভাংচুর করেছে।
সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটাররা লিভার ব্রাদার্সের একটি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তবে পিকেটাররা গাড়িতে থাকা সব মালামাল লুট করে নিয়ে যায়।
ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন স্বাভাবিক ছিল। ঢাকা ইপিজেডের ৮৮ টি প্রতিষ্ঠানের উৎপাদন চালু ছিল।
কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, হরতাল সমর্থকরা সকাল থেকেই বুড়িগঙ্গা নদীর প্রথম ও দ্বিতীয় সেতু এবং ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে দক্ষিণাঞ্চলের ২১ টি রুটে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি।
এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুড়িয়া এলাকায় হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
পাবনা প্রতিনিধি জানান, হরতাল সমর্থকরা দুপুরে শহরের লাইব্রেরী বাজারে দুটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয়। এছাড়া জেলার বনগ্রাম, আতাইকুলা, কাশিনাথপুর ও দাশুরিয়ায় পিকেটাররা কমপক্ষে ১৫ টি শ্যালো চালিত নছিমন ও করিমন ভাংচুর করেছে। একই সময় পিকেটারদের হামলায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়।
পাবনার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পাবনা থেকে কোনো যানবাহন চলাচল করেনি। শহরের সব ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল।
হরতালের সমর্থনে ১৪ দলের নেতা-কর্মীরা শহরে কয়েক দফা মিছিল-সমাবেশ করেছে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি ও মহাজোটের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে মহাজোটের একটি মিছিল মির্জাগঞ্জ বাজার অতিক্রমের সময় উপজেলা যুবদলের সভাপতি গাজী বশির ও বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজীর উপর হামলা হয়। বিএনপি কর্মীরা সংগঠিত হয়ে বেলা ১১ টার দিকে মহাজোটের নেতা-কর্মীদের উপর পাল্টা হামলা চালালে আওয়ামী লীগ কর্মী সোহাগ ও নিমাই গুরুতর আহত হয়।
উভয় পক্ষের গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারো সংঘর্ষে আশংকায় মির্জাগঞ্জ উপজেলা সদরে চরম উত্তেজনা বিরাজ করছে।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাঙ্গামাটির প্রত্যন্ত উপজেলা বাঘাইছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদরে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও পার্বত্য শান্তি বিরোধী সম-অধিকার আন্দোলনের নেতা সেলিম উদ্দীন বাহারী মোটর সাইকেলে করে চৌমুহনী যাওয়ার সময় পিকেটাররা তাকে বাধা দেয়। এসময় পাশেই উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি নেতা-কর্মীরা পিকেটারদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে উত্তেজিত পিকেটাররা জেলা বিএনপি কার্যালয় ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবীসহ আওয়ামী লীগ ও বিএনপির কমপক্ষে ২৮ নেতা-কর্মী আহত হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলা শহরসহ অপর আট উপজেলায় সব দোকানপাট বন্ধ ছিল। ট্রেন, বাস, মিনিবাস ও মাইক্রোবাসসহ কোন যানবাহনই চলাচল করেনি। অফিস, আদালত, ব্যাংক, বীমা অফিস খোলা থাকলেও উপস্থিতি ছিল না বললেই চলে। দিনভর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক এ আর মোল্লাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা টহল দিচ্ছে।”
ভুরুঙ্গামারীর বাসস্ট্যান্ড এলাকায় পিকেটারদের সঙ্গে হরতাল বিরোধীদের সংঘর্ষে আজাহার (৩৮) নামে একজন আহত হয়েছে। চিলমারীতে সকাল সাড়ে ১০টার দিকে হরতাল সমর্থকরা উপজেলা পরিষদের মৎস্য অফিস, সাব রেজিস্ট্রার অফিস এবং ত্রাণ ও পুনর্বাসন অফিস ভাংচুর করে। এসময় পুলিশের সঙ্গে ভাংচুরকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোশাররফ (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
রাজারহাটে হরতালকারীরা সকাল সাড়ে ১১টার দিকে জাতীয়তাবাদী যুবদলের উপজেলা কার্যালয় ভাংচুর করে। ছিনাইয়ে ইউনিয়ন বিএনপি কার্যালয়ও ভাংচুর করা হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলার আজমিরিগঞ্জ উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া পুলিশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সেন্টু এবং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ কর্মীরা দুপুর আড়াইটার দিকে কলেজের পাশের রাস্তায় পিকোটিং শুরু করে। পরে শ্রমিক দলের কর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১০ জন আহত হয়।
চাঁদপুর প্রতিনিধি জানান, হরতাল সমর্থকরা সকালে জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী এলাকায় চাঁদপুর থেকে চট্টগ্রামগ্রামী আন্তঃনগর মেঘনা ট্রেনটি আটকে দেয়। সকাল পৌনে সাতটা থেকে পৌনে নয়টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা আটকে থাকার পর ট্রেনটি আবারও চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।
এ ছাড়া জাতীয় পার্টির নেতা-কর্মীরা সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের কালিবাড়ী কোর্ট স্টেশনের পাশে রেলের একটি সেতুতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ এসে ধাওয়া করে তাদের সরিয়ে দেয়।
চাঁদপুর বড় স্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, পিকেটাররা কিছু সময়ের জন্য মেঘনা এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখে এবং পরে তা ছেড়ে দেয়। তবে রেলের সেতুতে আগুন লাগানোর বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে শহরের পুরানো কাছারি চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। পরে সাবেক পৌর চেয়ারাম্যান আনিসুজ্জামানের নেতৃত্বে একই স্থান থেকে অপর একটি মিছিল বের হয়।
ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি।
বরিশাল প্রতিনিধি জানান, মহাজোটের নেতা-কর্মীরা নগরীর নতুন বাজার এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা দেয়। এছাড়া হরতাল সমর্থকরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় অবস্থান নেয়।
নগরীর গুরুত্বপূর্ণ স্পটগুলোয় পুলিশ মোতায়েন থাকলেও র্যাব বা সেনা সদস্যদের দেখা মেলেনি।
বরিশালে সঙ্গে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নগরীতে রিক্সা চলাচল না করায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি হার ছিল খুব কম।
জেলার ১০ টি উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালনের খবর পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকর্তা ওবায়দুল মোক্তাদির চৌধুরীর নেতৃত্বে শহরের কুমারশীলের মোড় থেকে কলেজ গেট পর্যন্ত খন্ড খন্ড মিছিল ও পিকেটিং হয়।
হরতালের কারণে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যাংক বীমায় কোন লেনদেন হয়নি। পরিবহন চলাচল বন্ধ থাকায় আখাউড়া স্থল ব›ন্দরে আমদানী-রপ্তানি কাজ ব্যাহত হয়।
জেলার আটটি উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালনের খবর পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, হরতাল সমর্থকরা সকালেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করে। পিকেটাররা ৭/৮ রিকশা ভাংচুর এবং টায়ারে অগ্নিসংযোগ করে।
আওয়ামী লীগ নেতা-কর্মীরা সকাল ১০ টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী ট্রেন দুই নং রেলগেটের কাছে আটকে দেয়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য এবং সাবেক সাংসদ নাসিম ওসমানের নেতৃত্বে দলের নেতা-কর্মীদের সকাল থেকেই মাঠে দেখা গেছে।
রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীতে সর্বাত্মক ও শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে।
সকাল থেকে ১৪ দলের নেতা-কর্মীরা নগরীতে খন্ড খন্ড মিছিল বের করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কাছ থেকে মিছিল বের করে। পরে তারা বেলা ১২ টার দিকে সাহেব বাজার বড় রাস্তায় সমাবেশ করে।
হরতালের সমর্থনে আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠন ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, জাতীয় পার্টি, এলডিপি পৃথক মিছিল ও সমাবেশে করে।
হরতাল চলাকালে যাত্রীবাহী বাস ও ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে রিক্সা চলাচল ছিল স্বাভাবিক। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস-আদালত খোলা থাকলেও কাজ চলেছে ঢিমেতালে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও কোন ক্লাস বা পরীক্ষা হয়নি।
সিলেট প্রতিনিধি জানান, নগরীতে শান্তিপূর্ন হরতাল হয়েছে। হরতাল চলাকালে সকালে বিশ্বনাথ সদর উপজেলায় চার দলীয় জোট ও মহাজোটের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ২০ জন আহত হয়।
দুপুরে মহাজোটের নেতা-কর্মীরা নগরীতে একটি মিছিল বের করে।
নোয়াখালী প্রতিনিধি জানান, পিকেটাররা সকালে জেলার সোনাপুরে দুটি মটরসাইকেল ভাংচুর করেছে।
জেলা শহর মাইজদীতে হরতালের সমর্থণে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এলডিপি পৃথক মিছিল-সমাবেশ করে।
শহরে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল।
যশোর প্রতিনিধি জানান, শহরে রিকশা চলাচল স্বাভাবিক ছিল। তবে জাকের পার্টির নেতা-কর্মীরা বেলা ১১ টার দিকে শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক ভাংচুর করে।
অফিস-আদালত খোলা থাকলেও লোকসমাগম তেমন হয়নি।
জয়পুরহাট প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, জাতীয় পার্টি ও এলডিপি পৃথক মিছিল সমাবেশ করেছে।
শহরের পাঁচুর মোড়ে পিকেটাররা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। সেখানে এক মটরসাইকেল আরোহীকে লাঞ্ছিত ও তার মোটরসাইকেল ভাংচুর করা হয়।
অফিস-আদালত, ব্যাংক, বীমা এবং বিভিন্ন সরকারি-বেসরকরি প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল খুব কম।
নরসিংদী প্রতিনিধি জানান, সকাল থেকে হরতাল সমর্থকরা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় অবস্থান নেয়। শহরের বিভিন্ন স্থানে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল-সমাবেশ হয়।
সব ধরনের যানবাহন চলাচল, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেনা সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, রেল যোগাযোগ স্বাভাবিক থাকলেও দূর পাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও ছিল বন্ধ।
