২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিগবাজি খাওয়া রাজনীতিবিদরাই দেশের বেশি ক্ষতি করেছে’

ডিগবাজি খাওয়া রাজনৈতিক নেতারাই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সামান্য ব্যক্তিগত সুবিধার জন্য মুক্তিযুদ্ধের সকল অঙ্গীকার ভুলে গিয়ে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যোগ দিতেও তারা দ্বিধা করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 02:44 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

শনিবার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে সাক্ষাতকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একথা বলেন।

গত সরকারের উদাহরণ টেনে হাসিনা বলেন, “ধনসম্পদের লোভে বহু মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধী নিজামী ও মুজাহিদদের সঙ্গে মন্ত্রী হয়েছে।”

হাসিনার মতে, পরাজিত শক্তির পদলেহন করার জন্য ইতিহাস বিকৃত করা হয়েছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ঘটনার ৩০ বছর পর বিভিন্ন গোপনীয় দলিল প্রকাশ করা হয় জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এ দেশে ইতিহাস বিকৃত করা হলেও পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ইতিহাস সংরক্ষিত হয়।

তিনি বলেন, এমন একদিন আসবে যেদিন নতুন প্রজন্ম ইতিহাস বিকৃতকারীদের ঘৃণা করবে।

যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “গেরিলা যুদ্ধ যে দেশে হয়েছে, সেসব দেশে যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করতে হয়।”

হাসিনা প্রশ্ন করেন, “দালাল আইন বাতিল করে, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠা করতে সংবিধান বিরোধী অর্ডিন্যান্স জারী করেছে কে? শাস্তিপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের জেল থেকে বের করে দিয়েছে কে?”

বর্তমান আন্দোলন প্রসঙ্গে জানাতে গিয়ে হাসিনা বলেন, ভোটের অধিকার নিশ্চিত হলে ভাতের অধিকার নিশ্চিত হবে। তিনি জানান, ভোটের অধিকার বাস্তবায়নের পথে একটি অর্জন করলে আরেকটি সমস্যার সৃষ্টি করা হচ্ছে।

হাসিনা অবশ্য জোর দিয়ে বলেছেন “যে জাতি অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে ও রক্ত দিয়েছে তাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।”

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহেম্মেদের সমালোচনা করে হাসিনা বলেন, “বঙ্গভবনে বসে থাকা ইয়েস উদ্দিনের খপ্পরে পড়ে দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে।”