২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন করতে চাই কিন্তু পরিবেশ অনুপস্থিত: জলিল

নির্বাচনে অংশ নেয়ার আগ্রহের কথা জানালেও তার উপযুক্ত পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 11:15 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তিনি বলেছেন, “আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল সম্ভব।”

নির্বাচনী তফসিল আবার পরিবর্তনের দাবি জানিয়ে বিদ্যমান ভোটার তালিকাকে ‘জালিয়াতির তালিকা’ বলেছেন তিনি।

শুক্রবার রাত ১০ টায় ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অত্যাচারী সরকারে পরিণত হয়েছে। আমরা চাই না জনগণ আইনের প্রতি শ্রদ্ধা হারাক।

“কিন্তু আইনকে ব্যবহার করে যদি কাউকে হয়রানি করা হয়, ক্ষমতার অপব্যবহার করা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।”

জাতীয় পার্টি নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ও দলীয় কার্যালয় ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে জলিল গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আইনকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া হোক। কারো ওপর যেন অস্বাভাবিক উপায়ে আইন প্রয়োগ করা না হয়।”

তিনি অভিযোগ করেন, ইয়াজউদ্দিন খালেদা-জামায়াতের চক্রান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি আবারো ইয়াজউদ্দিনের প্রতি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

সন্ধ্যায় সুধা সদনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিভিন্ন আসনে কাকে কাকে মনোনয়ন দেয়া যেতে পারে সেটা পর্যালোচনা করা হয়েছে।”

সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে অন্যান্যের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, আব্দুর রাজ্জাক ও সুরঞ্জিত সেন গুপ্ত উপস্থিত ছিলেন।