বিএনপি চায় নির্বাচন এগিয়ে আনতে, আ’লীগ দেড় মাস পেছাতে
বিএনপি চায় নির্বাচনের তারিখ দু একদিন এগিয়ে আনতে। অন্যদিকে আওয়ামী লীগের দাবি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ভোটের তারিখ নির্ধারিত সময়ের চেয়ে আরও দেড় মাস পেছানো হোক।
তবে নির্ভুল ভোটার তালিকার জন্য দু’দলই তালিকা সংশোধনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে।
বুধবার সাবেক সচিব মোফাজ্জল করিমের নেতৃত্বে চার সদস্যের বিএনপির একটি প্রতিনিধি এবং সাবেক সচিব এম. মোকাম্মেল হকের নেতৃত্বে আওয়ামী লীগের চার সদস্যের আরেকটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে এসব দাবি জানায়।
বেলা ১২টা থেকে শুরু হয়ে প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে মোফাজ্জল করিম সাংবাদিকদের বলেন, “নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য আমরা সচিবকে অনুরোধ করেছি। স্বরস্বতী পূজার মতো একটি বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের কারণেই আমরা তাকে অনুরোধ করেছি তারিখটা ২৩ জানুয়ারি থেকে এগিয়ে আনার জন্য। কারণ পেছানোর তো কোনো সুযোগ নেই।”
ভোটার তালিকা সংশোধনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে সাবেক সচিব বলেন, “নির্ভুল ভোটার তালিকা হোক এটা আমরাও চাই। আমাদের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করছি। সংশোধনের সময়ও যেন একটু বাড়ানো হয় সেই অনুরোধ আমরা তাকে করেছি।”
তিনি জানান, সচিব বিষয়গুলো বিবেচনা করবেন বলে তাদের জানিয়েছেন।
কয়েকজন নির্বাচন কমিশনারের ছুটিতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ছুটিতে যাওয়ার বিষয়ে আলোচনা হয়নি। তবে যিনি বা যারা ছুটিতে যাবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এমন কোনো পরিবেশ হয়নি যে, নির্বাচন কমিশনারের দায়িত্ব ছেড়ে সবাইকে ছুটিতে যেতে হবে।”
বিএনপির চার সদস্যর প্রতিনিধি দলের মধ্যে সাবেক ক্যাবিনেট সচিব আব্দুল হালিমও ছিলেন।
পরে কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বেলা ২ টায় সাংবাদিকদের বলেন, “প্রথমে আমরা ২১ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ ঠিক করেছিলাম। পরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ২৩ জানুয়ারি দিন ঠিক করা হয়। এখন সরস্বতী পূজার কারণে দু রাজনৈতিক জোটের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ দুএকদিন এগিয়ে আনতে হবে।”
সচিব বলেন, ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এ কারণে তারিখ পেছানোর খুব বেশি সুযোগ নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণের জন্য দুই রাজনৈতিক জোটের সঙ্গে আলোচনা শেষ হয়নি। তাদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই কমিশন এই তারিখ ঠিক করবে।
এছাড়া ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের যে কাজ কমিশন করছে, রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী এই সময় আরও বাড়ানো যায় কিনা, কমিশন তা বিবেচনা করবে বলেও তিনি উল্লেখ করেন।
ভোটার তালিকা ও ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের প্রশ্নে এই প্রথম বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করলো।
তবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এরই মধ্যে তিন দফা একই বিষয়ে সাক্ষাত করেছে। বুধবারই তারা কমিশন সচিবের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের তারিখ নির্ধারিত সময়ের চেয়ে আরও দেড় মাস পেছানোর দাবি জানায়। এছাড়া তারা পুরো ডিসেম্বর মাস জুড়েই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চালানোর দাবি করে।
