কিশোরগঞ্জ-৫ আসনে ফজলুর রহমানকে মনোনয়ন না দিতে এক দফা দাবি
কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন ইচ্ছুক চার প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে ওই আসনে মনোনয়ন না দেয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে এক দফা দাবি জানিয়েছেন।
বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান দুইদিন আগে চার দলীয় জোটে যোগ দিয়েছেন।
বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ-৫ আসনের চার প্রার্থী বলেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেয়া হলে ওই আসন বিএনপি বিজয়ী হতে পারবে না। স্থানীয় বিএনপি তা কোনোভাবে মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা সুরঞ্জন ঘোষ। এতে আরো উপস্থিত ছিলেন, মনোনয়ন প্রার্থী জহির উদ্দিন ভূঁইয়া, ফরহাদ আহম্মেদ কাঞ্চন ও কাজী মনসুরুল কাদের টটুল।
মনোনয়ন প্রত্যাশীরা জানান, ওই আসনের জন্য দলের কাছে মোট ৬জন প্রার্থী আবেদন করেছেন। অপর দুইজন ফজলুর রহমান শিকদার ও হাবিবুর রহমান ভূঁইয়াও তাদের দাবির সঙ্গে একমত।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফজলুর রহমান একজন গনবিচ্ছিন্ন নেতা। কিশোরগঞ্জ-৫ আসনে চার দলের সমর্থন নিয়ে এমপি হয়ে আওয়ামী লীগে পূর্নবাসিত হওয়ার কৌশল হিসেবেই তিনি চার দলীয় জোটে যোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সর্ম্পকে অতীতে ফজলুর রহমানের কটুক্তিমূলক বক্তব্য সমূহ তুলে ধরা হয়।
