২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট মানুষকে ক্রটিহীন করে: শোয়েব আহমেদ

চার উপদেষ্টার পদত্যাগের পর নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে শোয়েব আহমেদ জাতীয় সংকট ও জটিলতার কথা স্বীকার করে বলেছেন, সংকটই মানুষকে ত্রুটিহীন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 02:29 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তার ভাষায়, “ক্রাইসিস মেকস এ ম্যান পারফেক্ট।”

উপদেষ্টা আকবর আলি খানের স্থলাভিষিক্ত হওয়ার পর ড. শোয়েব আহমেদ বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

মঙ্গলবার রাতে শপথ নেওয়ার পর বুধবারই তিনি প্রথম দপ্তরে আসেন।

শোয়েব আহমেদ বললেন, “সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যেভাবে কাজ চলছে, অর্থনীতির চাকা সচল রাখতেও একইভাবে কাজ করতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের যে কথা রয়েছে সেটাও অর্জন করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি ১৪ দলের মতকে সমর্থন করি। তাদের শ্রদ্ধা করি, সবাই দেশপ্রেমিক। ১০ জনের পরিবারে যেখানে অনেক মতভেদ থাকে সেখানে ১৪ কোটি মানুষের দেশে সমস্যা, মতভেদ থাকতেই পারে। এ সঙ্কট মোকাবিলা করতে হবে।”

“আমি সবে এসেছি। চেষ্টা করছি কাজ করার। দেশে ও বিদেশে সবার কাছে যাতে নির্বাচন গ্রহণযোগ্য হয়-এটাই কাম্য,” সাবেক এ সচিব বললেন।

শর্ত সাপেক্ষে দায়িত্ব নিয়েছেন কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি দেরিতে এসেছি। অনেক চিন্তা করেছি। কোন শর্ত নিয়ে এখানে আসিনি।”

উপদেষ্টাদের মধ্যে নতুন করে কোনো মতভেদ সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “মতভেদ সৃষ্টির কোন প্রশ্নই এখানে আসছে না।”