জাতীয় পার্টি এলডিপি ও জাকের পার্টির সঙ্গে জলিলের বৈঠক
আগামী জাতীয় নির্বাচনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনার জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি ও জাকের পার্টির নেতারা রোববার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে বৈঠক করেছেন।
রাত সাড়ে নয়টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের গুলশানের বাসায় এ বৈঠক বসে। চলে প্রায় ২ ঘন্টার মত। বৈঠকে জাতীয় পার্টি এলডিপি ও জাকের পার্টির নেতারা দেশের চলমান রাজনৈতিক সংকট এবং আগামী জাতীয় নির্বাচনের বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, এলডিপির পক্ষে মাহি বি চৌধুরী এবং জাকের পার্টির সৈয়দ সিরাজুল কবীর।
১৪ দলের পক্ষে ছিলেন আমীর হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম ও ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন।
এর আগে বিকেলে এলডিপি নেতা মাহী বি চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ধানমন্ডি ৩ নং সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে আব্দুল জলিলের সঙ্গে দেখা করে বৈঠকের জন্য সময় নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন আনোয়ারুল কবীর তালুকদার, আলমগীর কবীর ও মোহাম্মদ আলী জিন্নাহ।
মেনন বলেন, “সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।”
জাকের পার্টির সৈয়দ সিরাজুল কবীর জানান, জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ একটি বড় দল। তাদের যদি ছাড় দিতে কোনো আপত্তি না থাকে আমাদেরও কোনো সমস্যা হবে না।
আমু বলেন, “আন্দোলন করেছি জোটবদ্ধভাবে, নির্বাচন করলেও তা হবে জোটবদ্ধভাবে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে বৈঠকের সত্যতা স্বীকার করেছেন। তবে আলোচনার বিস্তারিত বিষয় তিনি জানাননি।
