প্রধান বিচারপতির নজিরবিহীন সিদ্ধান্তে সুপ্রিমকোর্টে তাণ্ডব
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের শুনানি প্রধান বিচারপতির নজিরবিহীন আদেশে আকস্মিকভাবে স্থগিত হয়ে গেলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট উত্তাল হয়ে উঠে।
আবেদনগুলোর শুনানি শেষ করে আদালত যখন আদেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন প্রধান বিচারপতির আদেশে মামলার কার্যক্রম স্থগিতের ঘোষণা এলে আদালতকক্ষেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মামলার কার্যক্রম স্থগিত করতে প্রধান বিচারপতির আদেশ হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল জানালে আবেদনকারী আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় আবেদনকারী পক্ষের তিন আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ প্রায় একসঙ্গে বলে উঠেন ‘প্রধান বিচারপতির এ এখতিয়ার নেই’।
বিশেষত মধ্যাহ্ন বিরতি ঘোষণার আগে বিচারকেরা বলেছিলেন যে, তারা আবেদনগুলোতে ‘রুল’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, মামলার কার্যক্রমের উপর শুনানি স্থগিতের নির্দেশ আসার পরপরই প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের কক্ষে হামলা চালায় আবেদনকারীর পক্ষের বিক্ষুদ্ধ আইনজীবীরা।
প্রধান বিচারপতির এজলাস কক্ষের দরজা আইনজীবীরা এসময় ভেঙ্গে ফেলে। আগুন লাগিয়ে দেওয়া হয় সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে। ধাওয়া খেয়ে আত্মগোপন করতে হয় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীকেও। বিক্ষুব্ধ আইনজীবীরা এসময় অ্যাটর্নি জেনারেল অফিসেও ভাঙচুর চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক খালেদ মুহিউদ্দীন জানান, সুপ্রিম কোর্টের সব বিচারক এসময় আটকা পড়েন নিজ নিজ কক্ষে।
কয়েকজন বিচারককে একটি পত্রিকার গাড়িতে করে আদালত প্রাঙ্গন ত্যাগ করতে দেখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক আবু সুফিয়ান।
বৃহস্পতিবার দুপুরে অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী রিট আবেদনের শুনানি স্থগিত করতে প্রধান বিচারপতির কাছে যান। প্রধান বিচারপতির স্থগিতাদেশের বিষয়টি জানানোর পরপরই এই ভাংচুর শুরু হয়।
এর আগে এটর্নি জেনারেল একটি বৃহত্তর বেঞ্চে এই আপিলের শুনানি গ্রহণের জন্য বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি মইনুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের কাছে আবেদন জানান। আদালত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় তারা প্রধান বিচারপতির কাছে যান বলে অ্যাটর্নি জেনারেল দপ্তর সূত্রে জানানো হয়।
মধ্যাহ্ন বিরতির পর মামলার শুনানি শুরু হলে বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি মইনুল হোসেন চৌধুরীর কাছে এটর্নি জেনারেল প্রধান বিচারপতির একটি আদেশ হস্তান্তর করেন। এ আদেশে বৃহত্তর বেঞ্চ গঠনের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিটের শুনানি স্থগিত করার নির্দেশ দেয়া হয়।
এসময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে আদালত কক্ষে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এ অবস্থায় দুই বিচারক মো আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এজলাস ত্যাগ করেন।
যখন আদালতে আইনজীবীরা বিক্ষোভ প্রকাশ করছিল তখন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ড. কামাল হোসেনের দিকে তাকিয়ে গলার কাছে হাত দিয়ে কেটে ফেলার ইঙ্গিত করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষুব্ধ আইনজীবীরা এ সময় মওদুদ আহমদকে ‘ধর ধর এবং চোর চোর ’ বলে তাড়া করে।
এসময় একটি মিছিল নিয়ে আইনজীবীরা প্রধান বিচারপতির আদালত কক্ষের দিকে যায়। তারা সুপ্রিম কোর্টের বিভিন্ন এজলাস কক্ষের দরজা, জানালা, প্রধান বিচারপতির কক্ষ ও সুপ্রিম কোর্টের ১ নং এজলাস কক্ষ অর্থাৎ প্রধান বিচারপতির কক্ষ ব্যাপক ভাঙচুর করে। তারা চেয়ার ভেঙ্গে এর হাতল ও ফুলের টব দিয়ে জানালার কাচ ভাঙচুর করে।
এসময় তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে স্লোগান দেয় ও মিছিল নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদকে খুজতে থাকে।
এসময় প্রতিবাদকারীরা মওদুদকে তাড়া করলে তিনি দৌড়ে গাড়িতে ওঠে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভকারীরা অ্যাটর্নি জেনারেলকে খুঁজতে তার অফিস কক্ষে গিয়ে দরজা বন্ধ দেখে তা ভাঙচুর করে।
প্রতিবাদকারীরা আদালত প্রাঙ্গণে রাখা সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করে এবং এক পর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর পর গাড়িটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর একটি গাড়ি এসে আগুন নেভালেও ততক্ষণে সেটি পুড়ে যায়।
আইনজীবীরা এরপর আদালত প্রাঙ্গণে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন। তারা প্রধান বিচারপতির আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ডাক দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ এসে আইনজীবী ও বিক্ষোভকারীদের ধাওয়া করে। আইনজীবীরা প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
