খুলনায় নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, নতুন তথ্যসহ
নতুন দুই নির্বাচন কমিশনার নিয়োগের প্রতিবাদে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন সোমবার রাতে। এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধরা নগরীর ২৬১ নং শের-ই-বাংলা সড়কে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় রাত ১১ টার দিকে। এতে ২ টি ব্যালটবাক্স এবং বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।
দমকল বাহিনীর সদস্যরা প্রায় ২০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, “বাইরে থেকে কোন দূস্কৃতকারী কেরোসিন ভেজানো কাপড়ে আগুন লাগিয়ে ভেতরে ছুঁড়ে মারে। এতে একটি আলমাড়ি ও কিছু কাগজপত্র পুড়ে যায়।”
প্র্য়া একই সময় আরো কিছু বিক্ষুব্ধ লোকজন আদালত চত্বরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও আগুন লাগিয়ে দিতে যায়। তবে তারা ভবনের চার তলায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পর্যন্ত যেতে না পেরে সহকারি কমিশনার (ভূমি) আফম ফজলে কবীর, জেলা নীরিক্ষক (রাজস্ব) শাহীনূল ইসলাম এবং ভূমি রেকর্ড বিভাগের ১০৯ ও ১১০ নং কক্ষে আগুন লাগিয়ে দেয়।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার সকালে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোদাব্বির হোসেন চৌধুরী এবং সাবেক জেলা জজ মোঃ সাইফুল আলমকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেয়া হয়।
