৪ দলীয় জোটে কাজ করার স্বীকৃতি চেয়েছে খেলাফত মজলিস
খেলাফত মজলিস চার দলীয় ঐক্যজোটে পৃথক শরিক দল হিসেবে কাজ করার স্বীকৃতি চেয়েছে।
সোমবার রাতে বনানীর হাওয়া ভবনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন।
পরে সংগঠনের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ‘আমরা চার দলে ইসলামী ঐক্যজোটের সঙ্গে নয়, আলাদা দল হিসেবে কাজ করতে চাই। বেগম জিয়াকে এই বিষয়টি বলার পর তিনি সম্মতি দিয়েছেন।’
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে নির্বাচনের কর্মকৌশলসহ বিভিন্ন জেলায় নির্বাচনে চার দলীয় ঐক্যজোটের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, খেলাফত মজলিসের মাওলানা ইমদাদুল হক আড়াইহাজারী, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা শাখাওয়াত হোসাইন, মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান, শেখ গোলাম আজগর ও হাফেজ মোজাম্মেল হক।
প্রসঙ্গত ইসলামী ঐক্যজোটের অন্যতম শরিক হচ্ছে, মাওলানা ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস সংগঠন।
