জোটের লোক রেখেই ‘মাঠ প্রশাসন সাজানোর কাজ প্রায় শেষ’
৩০ জেলায় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রশাসকরা থাকা সত্ত্বেও নিরপেক্ষ মাঠ প্রশাসন সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী।
এদিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৈরি ‘ফিট লিস্ট’ থেকে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন মাত্র ১৮ জন। চার দলীয় সরকারের নিযুক্ত বর্তমানে কর্মরত ৩০জন ছাড়াও ১৬ জন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন খালেদা জিয়ার সরকারের ‘ফিট লিস্ট’ থেকেই।
মাঠ পর্যায়ে রদবদল প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেলে সংস্থাপন সচিব তার দপ্তরে সাংবাদিকদের বলেন, “ছয়টি বিভাগে নুতন কমিশনার দেয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে ৩৪ জেলার ডিসি। রদবদল করা হয়েছে আরো ২০ টি জেলার ডিসি পদে। এছাড়া ২৬৫ টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে পরিবর্তন করা হয়েছে। এরমধ্যে একশ জন ইউএনওকে প্রত্যাহার করে পদায়ন করা হয়েছে নুতন কর্মকর্তা।”
সচিব যোগ করলেন, “এখন থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তাকে বদলি করা হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে দেখা গেছে, তত্ত্বাবধায়ক সরকার আমলে তৈরি করা ‘ডিসি ফিট লিস্ট’ থেকে ১৮ জন কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে। বাকী জেলা প্রশাসকরা হচ্ছেন জোট সরকার আমে তৈরি ‘ডিসি ফিট লিস্ট’ থেকে নিয়োগ পাওয়া। আর কিছু ক্ষেত্রে প্রশাসকদের এক জেলা থেকে জেলায় বদলি করা হয়েছে মাত্র। এছাড়া ২৬৫ টি ইউএনও পদে রদবদল করা হলেও প্রায় একশ’টি পদে নতুন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। বাকী সবগুলো ইউএনও পদেই জোট সরকারের নিয়োগ দেয়া কর্মকর্তারাই বহাল রয়েছেন।
এক প্রশ্নের উত্তরে সোলায়মান চৌধুরী স্বীকার করেন ১৯৮২ ও ১৯৮৪ ব্যাচের অনেক কর্মকর্তা ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হয়ে আছেন। শূণ্য পদের তুলনায় অতিরিক্ত পদোন্নতি দেওয়ার কারণেই কর্মকর্তাদের ওএসডি থাকতে হচ্ছে । কমপক্ষে আরো সাত বছর এ জের টানতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জোট সরকার ২৩ দফায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দুই হাজার ৩৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়।এরমধ্যে ৭৬ জন সচিব, ২০১ জন অতিরিক্ত সচিব, ৫৩২ জন যুগ্মসচিব ও এক হাজার ৫৭০ জন উপসচিব রয়েছেন। প্রত্যেক দফা পদোন্নতিতেই শূণ্য পদের তুলনায় অতিরিক্ত সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। বর্তমানে উপসচিব পদের জন্য নির্ধারিত ৮৩০ টি পদের বিপরিতে এক হাজার ২৫০ জন কর্মকর্তা রয়েছেন।
