২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইন--শৃঙ্খলা রক্ষায় বাবরের মহাপরিকল্পনা

তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের আইন -- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিকল্পনা হাতে নিয়েছে। জোট সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার সাথে সাথেই পুলিশ ও র‌্যাবসহ আইন --শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪১তম আইন শৃঙ্খলা বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুধবার সাংবাদিকদের একথা জানান।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সচিব সফররাজ হোসেনসহ পুলিশ, র‌্যাব, বিডিআর ও অন্য বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী বাবর সাংবাদিকদের জানান, সরকার আগামী ২৭ অক্টোবর ক্ষমতা হস্তান্তর করবে। এরপর তত্ত্বাবধায়ক সরকার এলে যেন আইন --শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য মাস্টারপ্ল্যান করা হয়েছে। একই সাথে সন্ত্রাসীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি পুলিশ সদর দপ্তর তৈরি করেছে। সরকার ক্ষমতা হস্তান্তরের পরই তালিকা অনুযায়ী পুলিশসহ অন্যান্য বাহিনী কাজ শুরু করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ তালিকায় বিএনপির কোন লোকের নাম নেই, এমন অভিযোগ সত্য নয়। যারা সন্ত্রাসী তাদের সকলের নামই তালিকাভূক্ত রয়েছে। দলীয় বিবেচনায় এটা করা হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখী মানুষের হয়রানি বন্ধ এবং যানবাহনের টিকিট কালোবাজারি ঠেকাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নামানো হয়েছে। ফলে টিকিট কাউন্টারগুলোতে কালোবাজারিদের দাপট কমেছে।

বিভিন্ন মহাসড়কে ঈদকে কেন্দ্র করে বারবার ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এ যানজট নিয়ন্ত্রণে মহাসড়কগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাব মোতায়েন করা হবে। এছাড়াও নৌপথের যাত্রীদের দুর্ভোগ কমাতে সদরঘাটসহ বিভিন্ন টার্মিনালে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার তদন্ত এগিয়ে চলেছে। মামলাটি যাতে রাজনৈতিক বিবেচনায় নষ্ট হয়ে না যায় তাই ধীরগতিতে তদন্ত চলছে। সরকার অপরাধীদের অপরাধী হিসেবেই চিহ্নিত করতে চায়।

আইন শৃঙ্খলার নামে ‘ক্রসফায়ারে’ মানুষ হত্যার মাধ্যমে মানবাধিকার লংঘন করা হচ্ছে, এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘মানবাধিকারের প্রতি আমারও শ্রদ্ধা রয়েছে। তবে মানবাধিকার প্রতিষ্ঠার আগে যেনো মানুষের নিজের অধিকার রক্ষা করা যায়, সরকার তাই করছে’।

প্রতিমন্ত্রী বাবর ক্রসফায়ারের উদ্যোক্তা কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, ‘না আমি এর উদ্যোক্তা নই। আইন --শৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদের সময় তারা এনকাউন্টারে পড়ে মারা যায়’।