সোমবার আবার সংলাপে বসছেন মান্নান--জলিল
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর অবর্তমানেই দুই দলের নেতারা সোমবার আবার সংলাপে বসছেন। জাতীয় সংসদ ভবনে সকাল ১১টায় এই বৈঠক হবে।
এর আগে অনুষ্ঠিত চার দফা বৈঠকে অগ্রগতি হয়েছে বলে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল দাবি করলেও কী কী ক্ষেত্রে সমঝোতা হয়েছে -- সে ব্যাপারে দুজনেরও কেউই মুখ খোলেননি।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া সৌদি আরবে ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ অবস্থায় আবদুল মান্নান ভূঁইয়া ও আবদুল জলিল পাঁচদিন বিরতির পর সোমবার আবার আলোচনায় বসছেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন শক্তিশালী করতে বিরোধী দলের সংস্কার প্রস্তাব নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দেশের প্রধান দুই দলের শীর্ষ পর্যায়ের এই দুই নেতার মধ্যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। গত ৫ অক্টোবর এই সংলাপ শুরু হয়। সর্বশেষ চতুর্থ দফা বৈঠকটি হয় ১০ অক্টোবর।
বিএনপির অন্যতম নীতিনির্ধারক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, ‘সংলাপ সফল হবে’- এটা তিনিও আশা করেন। তবে বলেন, ‘দুই দলের মধ্যে যে সমঝোতাই হোক তা অবশ্যই সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী হতে হবে।’
অপর দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘আমরাও চাই সংলাপ থেকে একটি ইতিবাচক ফলাফল আসুক। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে আমাদের দেয়া সংস্কার প্রস্তাবসমূহ সরকারকে বিবেচনায় আনতে হবে। সংলাপে বসার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে যে, জনগণের দাবিকে তারা গুরুত্ব দিতে বাধ্য হয়েছে।’
এদিকে চিকিৎসা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জলিল সিঙ্গাপুর থেকে রোববার বিকেলে রওনা দিয়েছেন। চার ঘন্টা পর তার ঢাকায় পৌঁছানোর কথা।
