২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গফরগাঁওয়ে আ. লীগের ইফতার মাহফিলে বিএনপি সমর্থকদের হামলা, সাংবাদিকসহ আহত ১২

গফরগাঁওয়ে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের ইফতার মাহফিলে বিএনপি সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

হামলায় উভয়গ্র“পের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থকদের পাঁচটি বাড়ি ভাঙচুর করে। স্থানীয় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে কলেজ রোডের একটি কম্পিউটারের দোকান থেকে ফ্যাক্স করতে গেলে সেখানেও তারা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে দৈনিক ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধিসহ দুই সাংবাদিক আহত হয়।

পুলিশ এসময় কাছেই অবস্থান করলেও নীরব ভূমিকা পালন করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপি সমর্থকরা এসময় সাংবাদিকদের হুমকি দিয়ে বলে, ‘সংবাদ প্রচার হলে দেখে নিব’।

এলাকাবাসী জানায়, গফরগাঁওয়ের বর্তমান সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের কর্মীরা মঙ্গলবার কলেজ রোডের আদালত ভবন প্রাঙ্গনে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে বিএনপির ডা. হাদী গ্র“পের কর্মীরা বাধা দেয়। এসময় উভয় গ্র“পের কর্মীদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এক পর্যায়ে দুপক্ষে সংঘর্ষ শুরু হলে আওয়ামী লীগের সোহেল, শহীদ, জাকার, শহীদ, হিলাম, পল্টন, মান্নান, ও বিএনপির রিপনসহ ১০ জন আহত হয়। পরে বিএনপি কর্মীরা আওয়ামী লীগ সমর্থকদের পাঁচটি বাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় বিএনপি নেতা ডা. হাদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে গফরগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল হক এ হামলার কথা অস্বীকার করে বলেন, হামলার স্থানে যুবদলের ইফতার মাহফিল ছিল। আওয়ামী লীগ কর্মীরাই হামলা চালিয়ে তা পন্ড করে দিয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলালউদ্দিন আকন্দ বিডিনিউজকে বলেন, ‘আমাদের পূর্বঘোষিত ইফতার মাহফিলে বিএনপি ড. হাদীর সমর্থকরা হামলা চালিয়েছে’।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক জানান, দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি।