২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে সরকারি ‘অপশাসনের’ প্রামাণ্যচিত্র দেখাবে আ. লীগ

চারদলীয় জোট সরকারের ‘অপশাসন’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র সারাদেশে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলের একটি দায়িত্বশীল সূত্র একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে ওই প্রামাণ্যচিত্রটি দেখানো হয়।

সূত্র জানায়, আওয়ামী লীগ এই প্রামাণ্যচিত্রটি আসন্ন নির্বাচনে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের ব্যর্থতা  ও অপশাসনের চিত্র জাতির সামনে তুলে ধরতে প্রচার করবে।

আওয়ামী লীগ নির্মিত প্রামাণ্যচিত্রে পাঁচ বছরে জোট সরকারের বিভিন্ন ব্যর্থতা ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে আছে, ২১ আগস্টে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা, ‘নারী ও শিশু নির্যাতন’, ‘রাজনৈতিক হত্যা ও নির্যাতন’, ‘মুক্ত চিন্তার ওপর আঘাত’, ‘রাজনৈতিক অরাজকতা’, ‘সাংবাদিক নির্যাতন ও হত্যা’, ‘জঙ্গি গোষ্ঠীর উত্থান’, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য’ ও জোট সরকারের ‘দুর্নীতির’।

গ্রাফিক্স নির্ভর ৩০ মিনিটের প্রামাণ্যচিত্রটির ধারাবর্ণনায় আছেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নুর।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ২০০১ সালের নির্বাচনের আগে অনুরূপ একটি প্রামাণ্য চিত্রে আওয়ামী লীগের ব্যর্থতা তুলে ধরেছিল। ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের ওই প্রামাণ্যচিত্রে আওয়ামী সরকারের ‘অপকর্ম ও অপশাসনের’ চিত্র তুলে ধরা হয়।