১৬ অক্টোবর আবার সংলাপ, অনেক বিষয়ে নিকটে আসার দাবি জলিলের
বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে চতুর্থ দফা সংলাপও কোনোরকম সমঝোতা ছাড়াই শেষ হলো। ১৬ অক্টোবর সকাল ১১ টায় আবারও সংলাপের ঘোষণা দিয়েছেন দুই নেতা। তবে বৈঠক শেষে জানা গেছে অনেক বিষয়ে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন দুই নেতা।
মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল তাদের আলোচনায় সাফল্য আসবে বলে আভাস দিলেও কী কী বিষয়ে সমঝোতা হয়েছে-এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
সাংবাদিকদের আবদুল জলিল বলেন,‘ আন্তরিক পরিবেশে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অনেক বিষয়ে আমরা অত্যন্ত নিকটে এসেছি। এখন আমি আমার দল ও জোটে যাব। আমরা চেষ্টা করছি জাতির প্রত্যাশা পূরনে একটা সমঝোতায় আসতে।’
অন্যদিকে আবদুল মান্নান ভূঁইয়া বলেন,‘ দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সংলাপ সাফল্য মন্ডিত হোক। আমরা সব বিষয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এ পর্যায়ে আমি দল ও জোটে যাব।’
গত বৃস্পতিবার সংস্কার প্রস্তাব নিয়ে এই দুই প্রধান দলের মহাসচিব ও সাধারণ সম্পাদক আলোচনায় বসেন। এ পর্যন্ত চার দফায় তারা চার ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে আলোচনায় সুনির্দিষ্টভাবে সমঝোতার কথা দুই নেতাই গোপনীয়তা রক্ষা করে চলেছেন।
সংলাপ শেষে আবদুল জলিল সুধা সদনে যান এবং বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে সংলাপের অগ্রগতি সর্ম্পকে অবহিত করেন।
