কুষ্টিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ব্যর্থ, নিহত ১
কুষ্টিয়ার মিরপুরে রোববার মধ্যরাতে গ্রামবাসীর প্রতিরোধের মুখে এক বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। এসময় সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় আহত হয়ে নিহত হয়েছে আব্দুল বারী (৪০) নামে এক বিএনপি কর্মী।
বোমার স্পিন্টারে মারাত্মক আহত হয়েছে আরো চার গ্রামবাসী। উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২ টার দিকে ৫০/৬০ জনের একটি সশস্ত্র দল সদরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক একই ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল হক আশার বাড়িতে হানা দেয়। আশাকে ডাকাডাকি করে না পেয়ে সন্ত্রাসীরা দোতলা বাড়ির লোহার গেটটি ভেঙ্গে ফেলে। এসময় আশার চিৎকারে গ্রামবাসী ও পার্শ্ববর্তী কাকিলাদহ ক্যাম্পের পুলিশ সদস্যরা ছুটে আসে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা ২৪/২৫ টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। এ সময় বিএনপি কর্মী দিনমজুর আব্দুল বারী বোমায় আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গুলিবিদ্ধ সেলিম (২৮), হাফিজ (২৬), তাহাজ (৩৫) ও সলিমকে (৩১) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানায়, সন্ত্রাসীরা ঘটনার সময় কমপক্ষে ১০০ রাউন্ড গুলিবর্ষণ করেছে। সন্ত্রাসীরা যাওয়ার সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের লিফলেট ছড়িয়ে দেয়। ঘটনার পরপরই গ্রামে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এর আগে কিছু বলা যাচ্ছে না। তবে তিনি ওই হামলায় ২০/৩০জন অংশ নিয়েছিল বলে উল্লেখ করেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় একই গ্রামের পার্শ্ববর্তী আমলা বাজারের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৫/৩০ টি হাত বোমার বিস্ফোরণ এবং শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে একই সংগঠনের লিফলেট ফেলে রেখে গিয়েছিল সন্ত্রাসীরা।
এ ছাড়া আমলা সদরপুর এলাকায় গত পাঁচ মাসে তিন রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনাও ঘটেছে।
