২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের জন্য ৪০টি দলের নিবন্ধন, ৩৫টিই নামসর্বস্ব

নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এ পর্যন্ত  ৪০টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করেছে। কমিশন সূত্র জানায়, এর মধ্যে অন্তত ৩৫টিই নামসর্বস্ব। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও বাম দলগুলো এখনও নিবন্ধন করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 06:24 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নির্বাচন কমিশনের এক দায়িত্বশীল কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ২৪ডটকমকে জানান, ২০০১ সালে এ সংক্রান্ত জারিকৃত আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়।

তিনি জানান, ওই আইনে বলা হয়েছে, নিবন্ধনকৃত দলগুলোকে সরকারি গণমাধ্যমে নির্বাচনী প্রচার--প্রচারণার সমান সুযোগ দিতে হবে। এছাড়া কমিশন প্রতিটি দলকে একটি করে ভোটার তালিকার কপি সরবরাহ করবে।

ওই আইনে নিবন্ধনকৃত নামসর্বস্ব রাজনৈতিক দলগুলোকেও বড় বড় দলের সমান প্রচার--প্রচারণার সুযোগ দান ও ভোটার তালিকা সরবরাহ করার বাধ্যবাধকতার বিষয়টি একটি ব্যয়সাপেক্ষ ব্যাপার বলে তিনি উল্লেখ করেন।  

সূত্র জানায়, নিবন্ধনের জন্য যে ৪০টি দল আবেদন করেছে তার মধ্যে জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), বিকল্প ধারা, তরিকত ফেডারেশন ও খেলাফত আন্দোলন ছাড়া বাকি দলগুলোর অফিস খুঁজে পাওয়াই দুষ্কর।

মাস দুয়েক আগে নির্বাচন কমিশন নিবন্ধন করার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়।

এবার হালনাগাদ করা ভোটার তালিকায় দেখা যায়, সারাদেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন। ২০০০ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি।