২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপকে স্বাগত জানিয়েছেন সিইসি

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে অনুষ্ঠেয় সংলাপকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ স্বাগত জানিয়েছেন। সিইসি রোববার সাংবাদিকদের বলেন, এটি একটি শুভ সূচনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

‘কিন্তু সরকারি দল ও বিরোধী দল তো আপনার পদত্যাগের বিষয়েও সংলাপে বসছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি?’  বিচারপতি এমএ আজিজ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে  কোনো মন্তব্য না করেই দ্রুত চলে যান।

নির্বাচন নিয়ে আগামী নভেম্বর মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রধান বিরোধী দলগুলো তাদের এই সংলাপের আয়োজনে আদৌ সাড়া দেবে কি না -- এ নিয়ে খোদ কমিশনেরও সংশয় রয়েছে।

সিইসির কক্ষে রোববার দিনভর সাংবাদিকরা প্রথমে সিইসির সাক্ষাত পাননি। এক পর্যায়ে তার একান্ত সচিব সিইসির পক্ষে সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন সচিবই তো নিয়মিত সাংবাদিকদের অগ্রগতির তথ্য দিচ্ছেন। এ জন্য সিইসি এখন কথা বলবেন না।

পরে বেলা ৩ টার দিকে নির্বাচন কমিশন সচিবালয় ত্যাগ করার মুহূর্তে গাড়ি বারান্দায় সাংবাদিকরা সিইসিকে ঘিরে ধরেন। বিএনপি ও আওয়ামী লীগের সংলাপের আয়োজন সম্পর্কে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সংলাপকে স্বাগত জানান।

এদিকে নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশন আগামী নভেম্বর মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করতে যাচ্ছে। তবে প্রধান বিরোধী দলগুলো তাদের এই সংলাপ -- আহ্বানে  মোটেই সাড়া দেবে না এমন সম্ভাবনার কথাও সংশ্লিষ্টরা ভাবছেন।

একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা বিডিনিউজকে বলেন, পরিস্থিতির পরির্বতন না হলে এবারও বিরোধী রাজনৈতিক দলগুলো সংলাপে সাড়া দেওয়া নিয়ে সন্দেহ আছে।

বিচারপতি এমএ আজিজ সিইসি হিসেবে দায়িত্ব নেয়ার পর গত বছর জুলাই মাসে সকল রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানান। আওয়ামী লীগ ও বামদলগুলো ওই সংলাপকে প্রত্যাখান করলেও  নামসর্বস্ব প্রায় ১২০ টি দল এতে অংশ নেয়।