২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে গাজীপুরে ছাত্রদলের দুইগ্রুপে সংঘর্ষ, ৩ ছাত্রদল নেতা বহিস্কৃত

গাজীপুর সরকারী ভাওয়াল বদরে আলম কলেজে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

এ ঘটনায় ছাত্রদল সিনিয়র সহ-সভাপতিসহ ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে কলেজ শাখা ছাত্রদল সকাল সাড়ে এগারটার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিল শেষে এ উপলক্ষে বড় একটি কেক কাটা হয়।  কেক বিতরন করার সময় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও ছাত্র সংসদ এজিএস রেজাউল কবীর স্বপন, প্রচার সম্পাদক জিয়াউল করিম জুয়েল ও মাহমুদের নেতৃত্বে ১০/১৫ জন ছাত্রদল কর্মী হামলা চালায়। হামলাকারীরা কেক উল্টিয়ে ফেলে দেয়। এ ঘটনায় দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় কলেজ ক্যাম্পাসে অবস্থানকারী সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর পরই কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ জরুরী সভা করে হামলায় নেতৃত্ব প্রদানকারী তিন ছাত্রদল নেতাকে বহিস্কার করে। বিকেলে দলীয় প্যাডে সভাপতি নাছিরউদ্দিন নাসির ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এছাড়া সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হামলার ঘটনায় বহিস্কৃত তিন নেতাকে দায়ী করে জয়দেবপুর থানায় একটি এজাহার দায়ের করেন।