২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিথ চামাসের মন্তব্য ‘কূটনৈতিক শিষ্টাচারে অস্বাভাবিক’: স্পিকারের রুলিং

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জুডিথ চামাসের সাম্প্রতিক মন্তব্যকে ‘কুটনৈতিক শিষ্টাচারে অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

স্পিকার এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলার নির্দেশনা দেন।

বিএনপির সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জুডিথ চামাসের বক্তব্যকে নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে স্পিকারের রুলিং দাবি করলে স্পিকার তার রুলিং দেন।

ঢাকায় বাংলাদেশস্থ আমেরিকান চেম্বার অব কর্মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক অনুষ্ঠানে মঙ্গলবার জুডিথ চামাস বলেন, ১৭ আগস্টের ঘটনা বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গণে সংবাদের শিরোনাম হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ও জঙ্গি তৎপরতা সংক্রান্ত প্রতিবেদনগুলো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, এসব তৎপরতা বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। সরকারের উচিত এসব রাজনৈতিক ও জঙ্গি তৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুবিচারের ব্যবস্থা করা।

ওই বিষয়টি পয়েন্ট অব অর্ডারে উত্থাপন করে মঞ্জুর কাদের বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সংবাদ মাধ্যমগুলোর তীব্র সমালোচনা করে বলেন, এ ধরণের সংকটের সময় তারা সরকারকে কোনো সহযোগিতা করছে না।

তিনি বলেন, সংকটের সময় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ উন্নত বিশ্বের দেশগুলোতে বিরোধী দল, সুশীল সমাজ ও সংবাদ মাধ্যমগুলো সরকারের সহযোগিতায় এগিয়ে আসে। কিন্তু বাংলাদেশে হয় তার বিপরীত। এটি দেশের সংবিধান ও গণতন্ত্রের জন্য হুমকি। এ অবস্থায় তৃতীয় শক্তি হিসেবে অসাংবিধানিক শক্তির উত্থানকে উৎসাহিত করা হচ্ছে।