সরকার দেশের মানুষের কল্যাণে কিছু করছে না ঃ বি চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দলীয় লোকজনকে ম্যাজিকের মতো টাকা বানানোর সুযোগ করে দেওয়া ছাড়া সরকার দেশের মানুষের কল্যাণে কিছুই করছে না।
তিনি বৃস্পতিবার বারিধারা কেসি মেমোরিয়াল ক্লিনিকে অধ্যাপক বি চৌধুরী বিকল্পধারার সহ সভাপতি ও যুক্তরাজ্য শাখার আহ্বায়ক আলহাজ্জ মোহাম্মদ ওহিদউদ্দিনের নেতৃত্বে বৃহত্তর সিলেট জেলার কয়েকজন ওলামা মাশায়েখের সঙ্গে নির্বাচন পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাব সম্পর্কে মত বিনিময়কালে এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী আরও বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শাহ এএমএস কিবরিয়ার মতো বহু রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সৎ, মেধাবি ও দেশপ্রেমিক লোকদের হাতে ন্যস্ত করতে হবে এবং এ জন্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অধ্যাপক চৌধুরী ওলামা মাশায়েখদের দলে দলে বিকল্পধারায় যোগ দিতে আহ্বান জানান।
অধ্যাপক বি চৌধুরী বলেন, ভবিষ্যতে কালো টাকার মালিক ও সন্ত্রাসীরা যাতে সংসদ সদস্য নির্বাচিত না হতে পারে এবং মেধাবি, সৎ ও দেশপ্রেমিক মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারে, সে লক্ষ্য অর্জনের জন্যই জাতির কাছে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাব পেশ করেছি। এ প্রস্তাব বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতন কেউ রোধ করতে পারবে না।
মত বিনিময়কালে মৌলভীবাজার খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মওলানা শেখ খায়রুল ইসলাম, সিলেট লালবাজারের পীর সাহেব মওলানা হাফেজ আবদুল হালিম কামালী, বিশ্বনাথ আল কোরআন মেমোরাইজিং সেন্টারের পরিচালক ক্বারী মাওলানা আবদুল্লাহ আল মামুন, বিকল্পধারার যুগ্মœ মহাসচিব ফিরোজ এম হাসান প্রমুখ।
