আশুগঞ্জে ২ গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনার নিস্পত্তি, চরচারতলা গ্রামকে ৫ লাখ টাকা জরিমানা
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুগ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা সমঝোতা হয়েছে।
সমঝোতা বৈঠকে চরচারতলা গ্রামকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে আশুগঞ্জ বাজারে কোনও রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে না এবং এ সিদ্ধান্ত অমান্যকারিকে দু লাখ টাকা জরিমানা করারও সিদ্ধান্ত হয়।
যুবদলের সম্মেলনে ২২ জুলাই বিবদমান দুগ্র“পের সংঘর্ষ আশুগঞ্জের চরচারতলা ও সোহাগপুর গ্রামবাসির মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর কয়েকদিন ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে চার শ মানুষ আহত এবং বহু দোকানপাট ও বাড়িঘর ভাংচুর এবং লুটপাট করা হয় ।
স্থানীয় সাংসদ এবং কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার, আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বিএনপির জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান পিপি, সাধারণ সম্পাদক হাজী সৈয়দ এমরানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন জীবন মিয়াসহ জেলা ও স্থানীয় পর্যায়ের প্রায় ৫০ জন সালিশকারি উপস্থিত ছিলেন।
মঙ্গলবারের সমঝোতা বৈঠকে সংঘর্ষের ঘটনার জন্যে পরস্পরকে দোষারোপ করেন দুই গ্রামের বাসিন্দারা। উভয় পক্ষই কোটি টাকার ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।
বৈঠকে জুরি বোর্ড সিদ্ধান্ত প্রদান করে, ভবিষ্যতে দুই গ্রামের মধ্যে ঝগড়া হলে অপর কোনও গ্রাম ঝগড়ায় সামিল হতে পারবে না। অন্য কোন গ্রাম জড়িত হলে জরিমানা দিতে হবে। বৈঠকে রাজনৈতিক বিষয় মিমাংসার জন্যে দলীয় নেতৃবৃন্দের ওপর ছেড়ে দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ দুই গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিদের বুকে জড়িয়ে কোলাকুলির মাধ্যমে মিলিয়ে দেওয়া হয়। বৈঠকের আগে যোগদানকারিদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। বৈঠকের চারপাশে ছিল দাঙ্গা পুলিশসহ পুলিশ ও বিডিআরের কড়া বেষ্টনি।
