২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার কান এখনও ভালো হয়নি, চিকিৎসার জন্যে আমেরিকার বিকল্প খোঁজা হচ্ছে

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ক্ষতিগ্রস্ত কান পুরোপুরি ভালো হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তিনি এখনও সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন না। আমেরিকার ওরল্যাণ্ডোয় বিশেষজ্ঞ চিকিৎসক তার কান আবার পরীক্ষা শেষে (হিয়ারিং এডজাস্ট) পর্যবেক্ষণে রেখেছেন। আরও কমপক্ষে পাঁচ দফায় তাঁকে চিকিৎসকের কাছে যেতে হবে। আর এ কারণে আমেরিকা ছাড়া কাছাকাছি অন্য কোনো দেশে এ চিকিৎসা করা যায় কিনা, তাও ভাবা হচ্ছে।

শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র রোববার বিডিনিউজকে জানান, গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলায় শেখ হাসিনার দুই কানই ক্ষতিগ্রস্ত হয়েছিলো। তবে চিকিৎসার পর বাম কান স্বাভাবিক হলেও ডান কান পুরোপুরি অকেজো হয়ে যায়। আর এটি ঠিক করতে প্রতি দু’মাস পরপর তার আমেরিকা যাওয়া দরকার। দু’কান এডজাস্ট করতে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কমপক্ষে সাতটি ‘সিটিং’ দরকার। এখন পর্যন্ত দেখানো হয়েছে মাত্র দু’দফা। কিন্তু বার বার আমেরিকা যাওয়া এড়াতে কাছাকাছি কোনো দেশে এ চিকিৎসা দেওয়া যায় কিনা, সেটিও ভাবা হচ্ছে।

সূত্র আরও জানান, ‘ফ্লোরিডায় শেখ হাসিনার কান ঠিক করে দেওয়া হয়েছে’ এবং তিনি আগের মতোই সবকিছু শুনতে পাচ্ছেন-একটি বার্তা সংস্থা পরিবেশিত এ শিরোনামের সংবাদটি সঠিক নয়।

প্রকৃতপক্ষে ওরল্যান্ডোর কান বিশেষজ্ঞ শেখ হাসিনার কানের হিয়ারিং এডজাস্ট করে তাদের পর্যবেক্ষণে রেখেছেন। ২৭ জুলাই আবার তার কান পরীক্ষা করা হবে।