জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে বিকল্প ধারা
বিকল্প ধারা বাংলাদেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে।
শনিবার দলের বারিধারার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির এক সভায় এ প্রস্তাব গৃহিত হয়।
দলের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বলা হয়, সরকার অকটেনের দাম না বাড়িয়ে কেরোসিন, ডিজেল ও পেট্রোলের দাম বাড়িয়েছে, যা খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়াবে। এতে জীবন যাত্রার ব্যয় বাড়বে।
আসন্ন বাজেটে বিশাল আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সমালোচনা করে সভায় বলা হয়, সরকার দলীয় লোকজনকে লুটপাট করতে দেওয়ার জন্য এডিপি’র আকার বিশাল করা হয়েছে। এটি প্রকারান্তরে দুর্নীতিতে নতুন মাত্রা যোগ করবে।
সভায় ফিরোজ এম হাসান, মাহী বি চৌধুরী, আব্দুর রউফ মান্নান, শাহ আহমেদ বাদল, শহীদুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।
