২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা

স্পিকার ও আইনমন্ত্রীর সদস্যপদ বাতিলের মাধ্যমে ‘সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুন্ন করা’র অভিযোগে সরকার সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে আদালত চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখা শনিবার এক সমাবেশে সুুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পদক্ষেপের বিরুদ্ধে ফোরাম আগামী ২৩ মে আদালত চত্বরে মানববন্ধন এবং ২৪ মে সুপ্রিম কোর্ট ও জজ কোর্টসহ দেশের সকল আদালত প্রাঙ্গনে মিছিল সমাবেশের আয়োজন করবে।

তবে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বিডিনিউজকে বলেন, তথাকথিত এ ঘোষণা তাদের দেউলিয়াপনারই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, শূন্য পাত্র বেশি বাজে। তারা জানেন যে সাধারণ আইনজীবীদের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। নিশ্চিত পরাজয় জেনেই তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাহী কমিটির নির্বাচনে অংশ নেয়নি। বর্তমানে তারা কাগুজে বাঘের মতো আচরণ করছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি ব্যারিস্টার জিয়াউর রহমান খান এমপি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটি বৈধ নয়।

তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান নির্বাহী কমিটিকে স্বীকৃতি দেইনি। অ্যাডভোকেট মাহবুবে আলম, অ্যাডভোকেট এনায়েতুর রহিম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের আইনজীবী সমিতির সদস্যপদ কেন বাতিল করা হবে না সে ব্যাপারে তাদের কাছে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠাব।

ব্যারিস্টার জিয়াউর রহমান খান আরও বলেন, কোনও কারণ দর্শানো নোটিশ জারি না করেই আইনজীবী সমিতি স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করেছে।

তিনি বলেন, ‘সংসদের কোনও কার্যবিধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় না। স্পিকারের রুলিং ও আইনমন্ত্রির বক্তব্য ছিল সংসদীয় কার্যবিধির অংশ। তারা সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে’।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট একে মুজিবুর রহমান, অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান, অ্যাডভোকেট সাঈদুর রহমান, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট গোলাম আরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ূন কবির বুলবুল, অ্যাডভোকেট আবদুল্লাহ মাহমুদ হাসান প্রমুখ।

এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম হত্যার প্রতিবাদে বিরোধী দলীয় সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমিতির দক্ষিণ হলে এক সমাবেশের আয়োজন করে।

সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার আমীর-উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম, অ্যাডভোকেট সিরাজুল হক, অ্যাডভোকেট বশির আহমেদ, ব্যারিস্টার মঈনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, যতক্ষণ পর্যন্ত না দুর্নীতিমুক্ত বিচারবিভাগ এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা সম্পর্কিত দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আইনজীবীদের আন্দোলন অব্যাহত থাকবে।

সরকার সুপ্রিম কোর্টসহ সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকীকরণ করছে। সরকার বিচার ছাড়াই মানুষ মারছে এবং মিছিল সমাবেশ করার অধিকার লংঘন করে বিরোধী দলের মিছিল সমাবেশে হামলা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।